ব্রাজিলের নতুন কোচ তিতে?

আপডেট : ১৬ জুন ২০১৬, ০৯:৫৪
 
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের যোগ দিচ্ছেন আদেনর লিওনার্দো বা তিতে। করিন্থিয়ান্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। দেশটির গণমাধ্যম করিন্থিয়ান্সের সভাপতি রবের্তো দে আন্দ্রাদের উদ্ধৃতি করে জানায়, ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করছেন তিতে।
 
আদেনর লিওনার্দের পরিচিতি তিতে নামে। ৫৫ বছর বয়সী এই কোচ ফ্লুমিনেসের বিপক্ষে সামনের ম্যাচে করিন্থিয়ান্সের ডাগআউটে থাকবেন না বলেও জানিয়েছে দলটির সভাপতি। ব্রাজিলের দৈনিক ও গ্লোবো বুধবার করিন্থিয়ান্সের সভাপতি রবের্তো দে আন্দ্রাদের উদ্ধৃতি দিয়ে জানায়, 'তিতে সিবিএফের (কনফেডারেশন অব ব্রাজিলিয়ান ফুটবল) প্রস্তাব গ্রহণ করেছে। আজ বিকেল ছিল (করিন্থিয়ান্সের হয়ে) তার শেষ কাজ, ফ্লুমিনেন্সের বিপক্ষে আগামীকালের ম্যাচে তিনি দলকে নেতৃত্ব দেবেন না। ঘণ্টা দুই আগে তিনি প্রথম আমাকেই বিষয়টি জানান। ভেবেছিলাম তিনি (ব্রাজিলের দায়িত্ব) নেবেন না, কিন্তু সে দায়িত্ব নেওয়ায় আমি বিস্মিত হয়েছি।'
 
সিবিএফ অবশ্য এখনও এ বিষয়ে কিছু জানায়নি।
 
১৯৮৭ সালের পর এবারই প্রথম লাতিন আমেরিকার সেরা প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে ব্রাজিল। এ ব্যর্থতার পরই দেশটির ফুটবল ফেডারেশন গত মঙ্গলবার জাতীয় দলের সমন্বয়কারী জিলমার রিনালদি ও কোচ দুঙ্গাসহ পুরো কোচিং স্টাফকে ছাঁটাই করে। তারপর থেকেই করিন্থিয়ান্সকে সাফল্য এনে দেয়া তিতের ব্রাজিল দলের কোচ হওয়ার জোর সম্ভাবনা নিয়ে খবর বের হয়। মঙ্গলবার রাতেই সিবিএফ কর্তাদের সঙ্গে কথা বলতে সাও পাওলো থেকে রিও ডি জেনিরোতে যান তিতে।
 
তিন ঘণ্টার আলোচনা শেষে মধ্যরাতের দিকে সিবিএফের মুখমাত্র ডগলাস লুনারদি জানান, প্রথম আলোচনা ভালো ছিল; তবে কোনো সিদ্ধান্ত হয়নি। দুই পক্ষ শিগগিরই আবার আলোচনায় বসবে।
 
সাও পাওলোর সবচেয়ে বড় ক্লাব করিন্থিয়ান্সকে ২০১১ ও ২০১৫ সালে ব্রাজিলের শীর্ষ লিগ জিতিয়েছেন তিতে। ২০১২ সালে প্রথমবারের মতো জিতিয়েছেন কোপা লিবের্তাদোরেস ও ওয়ার্ল্ড ক্লাব কাপ।
 
আগামী অগাস্টে রিও অলিম্পিকে নেইমারদের কোচ হিসেবে হোজেরিও মিকালে দায়িত্ব পালন করবে বলে সিবিএফ তাদের ওয়েবসাইটে বুধবার জানায়। বিডি নিউজ।