সিভিল কোর্টস অ্যাক্ট সংশোধন করে নিম্ন আদালতের বিচারকদের পাঁচ লাখের পরিবর্তে পাঁচ কোটি টাকা মূল্যমানের মামলা নিষ্পত্তির এখতিয়ার প্রদান করে প্রকাশিত গেজেটের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এছাড়া সিভিল কোর্টস অ্যাক্ট সংশোধনী আইন-২০১৬ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করা হয়েছে। তিন সপ্তাহের মধ্যে আইন সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন।
সর্বশেষ সংশোধিত সিভিল কোর্টস অ্যাক্টের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৫ জুন আলী আজম নামের এক ব্যক্তি হাইকোর্টে রিট করেন। আদালতে আবেদনের পক্ষে ব্যারিস্টার এ কে রাশেদুল হক এবং রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় শুনানি করেন।
