রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুকে কুপিয়ে হত্যার হুমকি

আপডেট : ১৬ জুন ২০১৬, ১১:৫৪
 
আইএসের নামে চিঠি পাঠিয়ে ঢাকার রামকৃষ্ণ মিশন মঠের স্বামী গুরু সেবানন্দ নামে এক গুরুকে ধর্মপ্রচারে নিষেধ করে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে কম্পিউটার টাইপ ও হাতের লেখায় হুমকি সম্বলিত চিঠিটি মিশনে আসে বলে ওয়ারি থানায় করা এক সাধারণ ডায়েরিতে অভিযোগ করেছেন তিনি। ওয়ারি থানার এসআই মনির আহমেদ বলেন, রাত ৯টার দিকে মিশনের ওই ধর্মগুরু হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়ে থানায় জিডিটি করেছেন।
 
চিঠির উপরের অংশে কম্পিউটার টাইপের মাধ্যমে ‘ইসলামিক স্টেট অব বাংলাদেশ, চান্দনা চৌরাস্তা ঈদগাঁও মার্কেট, গাজীপুর মহানগর’ লেখা রয়েছে। এসআই মনির আরো জানান, চিঠিতে ওই ধর্মগুরুর উদ্দেশে বলা হয়, বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র এখানে ধর্মপ্রচার করতে পারবি না। ধর্মপ্রচার করা হলে ২০ থেকে ৩০ তারিখের মধ্যে তোকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হবে। কোন মাসের ২০ থেকে ৩০ তারিখ সে বিষয়ে চিঠিতে কিছু উল্লেখ নেই।
 
রামকৃষ্ণ মিশনের ওই ধর্মগুরুর নামে আসা চিঠিটির খামের ওপরে প্রেরকের ঠিকানায় এ বি সিদ্দিক, গাজীপুর, কিশোরগঞ্জ, ধানমন্ডি, ঢাকা রয়েছে। পুলিশ কর্মকর্তা মনির বলেন, থানায় জিডির পর রামকৃষ্ণ মিশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মিশন পরিদর্শন করেছেন।