বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির দুইটি মামলায় ফার্সি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ফায়জুন্নবী চৌধুরীকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এসময়ের মধ্যে তিনি আত্মসমর্পণ না করলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয়া হয়েছে।
আসামিকে হাইকোর্টের দেয়া জামিন বাতিল করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।
আদালত আদেশে বলেছে, আমরা হাইকোর্ট ডিভিশনের প্রতিটি বেঞ্চের মামলা শুনানির এখতিয়ার নির্দিষ্ট করে দিয়েছি। এছাড়া দুদকের মামলা শুনানি জন্য আলাদা বেঞ্চ গঠন করে দেয়া হয়েছে। কিন্তু এরপরও এই আসামির জামিন আবেদন দুদকের মামলার শুনানির জন্য গঠিত বেঞ্চে না গিয়ে অন্য বেঞ্চে থেকে জামিন নিয়েছেন। এই কারণে আসামির জামিন প্রশ্নে দেয়া হাইকোর্টে রুলও বাতিল করে দেয়া হলো।
৮৫ কোটি টাকা বেসিক ব্যাংকের জালিয়ায়তির ঘটনায় গত বছরের ২১ ও ২২ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা দায়ের করে দুদক। এই দুইটি মামলায় গত ২৯ মে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ থেকে জামিন নেন তিনি। জামিন পাওয়ায় তিনি কারামুক্তি পান। পরে হাইকোর্টের ঐ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের আবেদন করে দুদক।
আজ দুদকের পক্ষে খুরশীদ আলম খান ও আসামিপক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ শুনানি করেন। শুনানি শেষে আদলত উপরিউক্ত আদেশ দেয়।
