ইস্টার্ন হাউজিংয়ের আফতাব নগর-বনশ্রী প্রজেক্টের কতগুলো জলাধার রয়েছে তা চিহ্নিত করতে ছয় সদস্যের কমিটি গঠন করে দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। কমিটিতে বুয়েটের একজন অধ্যাপককে প্রধান করে ওই কমিটিতে জরিপ অধিদফতরের মহাপরিচালক, রাজউক, পরিবেশ ও বন মন্ত্রণালয়, পরিবেশ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) একজন করে প্রতিনিধি নিয়ে এ কমিটি গঠন করতে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেয়া হয়েছে।
এ কমিটি ওই প্রজেক্টে কতগুলো জলাধার বা জলাভূমি আছে, তা খুঁজে বের করে ৪৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়। আদেশের সত্যায়িত অনুলিপি বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে।
ইস্টার্ন হাউজিংয়ের বনশ্রী প্রজেক্টে কতগুলো জলাধার রয়েছে, তা নির্ণয়ের জন্য হাইকোর্টে আবেদন করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজুরুল মোর্শেদ। কিন্তু হাইকোর্ট ওই আবেদন খারিজ করে দেয়। হাইকোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করে সংগঠনটি। পরে গত ২৬ মে ওই আপিল মঞ্জুর করে।
