রাশিয়াকে হারিয়ে প্রথম জয় স্লোভাকিয়ার

আপডেট : ১৬ জুন ২০১৬, ১৫:৫৬
রাশিয়াকে হারিয়ে ইউরোতে নিজেদের প্রথম জয় পেল স্লোভাকিয়া। বুধবার মারেক হামসিক ও ভ্লাদিমির উইসে গোলে রাশিয়ার বিপক্ষে  ২-১ গোলের জয় পায় তারা।
‘বি’ গ্রুপের ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে রাশিয়া। বেশিরভাগ সময় বল দখলে রাখলেও নিশ্চিত কোনও সুযোগ তৈরি করতে পারেনি তারা। আক্রমণ সামলে পাল্টা আক্রমণে যাওয়া স্লোভাকিয়া ৩২তম মিনিটে চমকে দেয় রাশিয়াকে।
 
নাপোলি তারকা মারিক হামশিকের দুর্দান্ত ক্রস থেকে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন উইসে।
 
পিছিয়ে পড়া রাশিয়া আরও মরিয়া হয়ে উঠে। কিন্তু প্রতিপক্ষের জমাটরক্ষণ ভাঙা সম্ভব হয়নি। উল্টো ৪৫তম মিনিটে ব্যবধান আরও বাড়ান হামসিক। শর্ট কর্নার থেকে বল পেয়ে দুই খেলোয়াড়কে বিভ্রান্ত করেন তিনি। ডান পায়ের বাঁকানো শটে দুর্দান্ত গোল করে বিরতির আগেই দলকে ২-০ গোলে এগিয়ে দেন এই নাপোলি মিডফিল্ডার।
 
বিরতি থেকেই ফিরেই যেন খোলস ছেড়ে বেরুতে থাকে ২০১৮ বিশ্বকাপের স্বাগতিক দেশ রাশিয়া। একের পর এক আক্রমণ করে স্লোভাক ডিফেন্ডারদের ব্যতিব্যস্ত রাখে রুশ ফরোয়ার্ডরা।
 
ম্যাচের ৮০ মিনিটে রাশিয়ার হয়ে গ্লোশাকভ একটি গোল করলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। কিন্তু সেই গোলটা শুধু পরাজয়ের ব্যবধানই কমায়। ম্যাচ শেষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্লোভাকিয়া।