ইনজুরির কারণে ভারতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে খেলতে পারেননি জাতীয় দলের পেসার রুবেল হোসেন। এরপর চলতি প্রিমিয়ার লিগে ইনজুরি কাটিয়ে ফিরেছেন তিনি। আস্তে আস্তে ছন্দেও ফিরছেন প্রাইম ব্যাংকের হয়ে খেলা রুবেল।
বুধবার প্রাইম দোলেশ্বরের বিপক্ষে দারুণ বল করে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। এই মুহূর্তে নিজেকে শতভাগ ফিট বলে দাবি করলেনে রুবেল হোসেন।
এদিন ৮ ওভার বোলিং করে ১৯ রান খরচায় নিয়েছেন দুটি উইকেট। শুরুতেই প্রাইম দোলেশ্বরের মেরদণ্ড ভেঙে দিতে কার্যকরী ভূমিকা রেখেছেন তিনি। প্রথম স্পেলে ৫ ওভার বোলিং করে ১২ রান খরচায় দুটি উইকেট তুলে নেন প্রাইম ব্যাংকের হয়ে খেলা রুবেল। সঙ্গে ছিলে একটি মেডেন ওভারও।
ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘ফার্স্ট রাউন্ডে বোলিং করেছি। আজও করলাম। আগের চেয়েও অনেক ভালো লাগছে। শতভাগ ছন্দে চলে এসেছি।’ রুবেলের প্রত্যাবর্তন হলো কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সব সময়ই চেষ্টা করি দ্রুত ফিট হতে। কঠোর পরিশ্রম করেছি, ইনশাআল্লাহ এখন অনেক ভালো।’
