বিএসটিআই অনুমোদনহীন নকল, নিম্নমানের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার উৎপাদন ও বিক্রয়ের অপরাধে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা ও তিন লাখ টাকার নকল ও ঝুঁকিপূর্ণ তার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সকালে ঢাকা জেলা প্রশাসন, ৫-এপিবিএন ও বিএসটিআই এর যৌথ উদ্যোগে পুরান ঢাকার নবাবপুর রোডের বিসমিল্লাহ ইলেক্ট্রিক মার্কেটে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, নবাবপুর রোডের বিসমিল্লাহ ইলেক্ট্রিক মার্কেটে বাংলাদেশ রিয়েল ডমেস্টিক ইন্ডাস্ট্রিজ (বিআরডি) ও এলজি ইলেক্ট্রিক ইন্ডাসট্রিজ দীর্ঘদিন যাবৎ বিএসটিআই এর অনুমোদন ব্যাতিরেকে নকল, নিম্নমানের ঝুঁকিপুর্ণ বৈদ্যুতিক তার উৎপাদনের ও বিক্রয় করে আসছে।
কারখানায় ও গোডাউনে অভিযান চালিয়ে দেশের বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠান যেমন বিআরবি, প্যারাডাইস ও বিজলি প্রতিষ্ঠানের হুবহু নকল নিম্নমানের বৈদ্যুতিক তার ও তার তৈরির সরঞ্জাম পাওয়া যায়।
বাংলাদেশ রিয়েল ডমেস্টিক ইন্ডাস্ট্রিজ (বিআরডি) প্রতিষ্ঠানের মালিককে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড ও এলজি ইলেক্ট্রিক ইন্ডাস্ট্রিজ এর মালিককে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আড়াই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
১-এপিবিএন এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমরান আসহাব বলেন, প্রতিষ্ঠানটিকে গোপন সংবাদের ভিত্তিতে নজরদারী করার পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ নকল তার উদ্ধার করা হয়। তারগুলো নকল ও নিম্নমানের হওয়ায় গ্রাহকরা কিনে প্রতারিত হচ্ছেন। গুণগতমানের সমস্যার কারণে এসব নিম্নমানের তারের কারোণে সর্ট সার্কিটের মাধ্যম অগ্নিকান্ড নানা বিপদ আপদ ঘটে থাকে। নকল ও ভেজাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আরো উপস্থিত ছিলেন ১-এপিবিএন এর সহকারী পুলিশ সুপার জিসানুল হক ও বিএসটিআই এর ফিল্ড অফিসার রাশেদ আল মামুন।
