১০ জুন পর্দা ওঠে ফুটবল মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপের। ইতোমধ্যে গ্রুপপর্বের খেলা শেষ হয়েছে। ১৭ জুন শুক্রবার থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের খেলা। কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বিটিভি ওয়ার্ল্ড।
যোগ্যতার প্রমাণ দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ৮টি দল। অবশ্য গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে বেশ কয়েকটি শক্তিশালী দল। তাদের মধ্যে রয়েছে স্বাধীনতা কাপ ও শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী, ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং লিমিটেড ও সকার ক্লাব ফেনী।
‘এ’ গ্রুপ থেকে ১ জয় ও ১ ড্রয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আরামবাগ ক্রীড়া চক্র। তাদের সঙ্গে ১ জয় ও ১ হার নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ঢাকা আবাহনী লিমিটেডও। বিদায় নিয়েছে সকার ক্লাব ফেনী।
‘বি’ গ্রুপ থেকে ১ জয় ও ১ ড্রয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। তাদের সঙ্গে গ্রুপ রানার আপ হয়ে শেষ আটের টিকিট পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এই গ্রুপ থেকে বিদায় নিয়েছে ওয়ালটন ফেডারেশন কাপের ফেভারিট দল চট্টগ্রাম আবাহনী।
‘সি’ গ্রুপ থেকে ২ ম্যাচের দুটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাদার্স ইউনিয়ন। ১ জয় ও ১ হার নিয়ে তাদের সঙ্গী হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই গ্রুপ থেকে বিদায় নিয়েছে উত্তর বারিধারা ক্লাব।
‘ডি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে টিম বিজেএমসি। দুই ম্যাচের একটিতে জিতেছে তারা। অন্যটিতে ড্র করেছে। দুই ম্যাচের দুটিতেই ড্র করে এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালের ব্যাটন পেয়েছে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জও। একটিতে হেরে ও অন্যটিতে ড্র করে এই গ্রুপ থেকে বিদায় নিয়েছে ফেভারিট মোহামেডান স্পোর্টিং ক্লাব।
কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ যথাক্রমে ১৭, ১৮, ১৯ ও ২০ জুন বিকেলে পৌনে চারটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
