গত ছয় মাসের তুলনায় অভিযান বেড়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৬ জুন ২০১৬, ১৮:১১
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল চোরাচালান প্রতিরোধে সকল সংস্থার কার্যক্রম আরও গতিশীল করতে নির্দেশ দিয়েছেন।
 
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির ৫৬তম সভা শেষে তিনি সাংবাদিকদের এ নির্দেশের কথা জানান। এ সময় মন্ত্রী বলেন, 'চোরাচালান প্রতিরোধে সকল সংস্থা সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। অভিযান আরও জোরদার করা হবে এবং তা নিয়মিত চলবে।'
 
তিনি বলেন, 'চোরাচালান রোধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও জোরদার করা হবে। চোরাচালান মামলা দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান আরো গতিশীল করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।'
 
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, 'বিভাগভিত্তিক চোরাচালান বিরোধী অভিযানের বিবরণ অনুযায়ী, গত ছয় মাসের তুলনায় এখন অভিযান বেড়েছে। সবকটি সংস্থা সমন্বয়ের মাধ্যমে কাজ করার ফলে চোরাচালান অনেকটা কমছে।'
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'হিসাব অনুযায়ী, ২০১৫ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে ১০ হাজার ৩১৩ জনকে গ্রেফতার এবং এক হাজার ৪৮৭ কোটি মূল্যের মালামাল আটক করা হয়েছে।'