খুলনার আদালতে কক্সবাজারের দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রতন রুদ্র (২৮) কক্সবাজার সদর উপজেলার গোলদীঘির পাড় এলাকার হিমাংশু রুদ্রর ছেলে ও খোকন (৩০) একই উপজেলার বিডিআর ক্যাম্পের পার্শ্ববর্তী সাবমেরিন কেবল রোডের আনোয়ার হোসেনের ছেলে। দণ্ডপ্রাপ্ত দুইজন পলাতক রযেছে।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি জেসমিন পারভীন জলি জানান, ২০১৩ সালের ১৯ জুলাই সাতক্ষীরা থেকে একটি নোয়া মাইক্রোবাসে করে ২ হাজার বোতল ফেনসিডিল নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঠালতলা নামক স্থানে পৌঁছালে মাগুরঘোনা পুলিশ ক্যাম্পের সদস্যরা মাইক্রোবাসে তল্লাশি চালায়। এ সময় ওই মাইক্রোবাস থেকে ২ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাইক্রোবাসের চালক রতন, ফেনসিডিলের মালিক খোকন ও মাইক্রোবাসের মালিক কুতুব উদ্দিনকে আসামি করে ডুমুরিয়া থানায় ওই দিন মামলা করেন মাগুরঘোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক রুহুল আজম। একই বছরের ৩১ অক্টোবর ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম রতন ও খোকনকে অভিযুক্ত করে আদালতে চাজর্শিট দাখিল করেন। মাইক্রোবাসের মালিক কুতুব উদ্দিনকে চার্জশিট থেকে অব্যাহতি দেয়া হয়। মামলায় ১২ জনের মধ্যে ৮ জনের সাক্ষী গ্রহণ করা হয়।
