চ্যাম্পিয়ন শেখ জামালকে হারিয়ে সেমিতে আরামবাগ

আপডেট : ১৭ জুন ২০১৬, ২০:১১
কোয়ার্টার ফাইনালে এসে চমক দেখালো আরামবাগ ক্রীড়া সংঘ। বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামালকে বিদায় করে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌছৈ গেলো দলটি।শুক্রবার বঙ্গবন্ধু জাতীয়  স্টেডিয়ামে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে থাকা দলটি দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরায়। শেষ পর্যন্ত ম্যাচ টাই ব্রেকারে গড়ালে সেখানেই বাজিমাত করে দলটি।
 
সাডেন ডেথে শিরোপাধারী শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে হারিয়ে শেষ চারে উঠেছে আরামবাগ।
 
নব্বই মিনিটের খেলায় ২-২ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে কোনো দল গোল পায়নি। টাইব্রেকারে আরামবাগের জয়টি ৫-৪ গোলের। পেনাল্টি শুট-আউটের নির্ধারিত প্রথম ৫ শটে দুই দলই চারবার লক্ষ্যভেদ করে। সাডেন ডেথে মনসুর আমিনের গোলে এগিয়ে যায় আরামবাগ। স্নায়ুর চাপের কাছে হেরে কেষ্ট কুমার বোস পোস্টের বাইরে উড়িয়ে মারলে শেখ জামাল ছিটকে যায়।
 
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার প্রথম কোয়ার্টার-ফাইনালে চোট কাটিয়ে এমেকা ডারলিংটন ফিরলেও রক্ষণাত্মক খেলা আরামবাগের বিপক্ষে শুরুতে সুবিধা করতে পারছিল না শেখ জামাল। ২৩তম মিনিটে বলার মতো প্রথম সুযোগ পায় দলটি। এনামুল হোসেনের পা হয়ে ওয়েডসেন আনসেলমের বাড়ানো বলে অফসাইডের ফাঁদ ভেঙে এমেকার নেওয়া শট ফেরান আরামবাগ গোলরক্ষক।
 
৪২তম মিনিটে লিঙ্কনের হাত ধরে এগিয়ে যায় শেখ জামাল। বাঁ দিক থেকে আক্রমণে ওঠা ওয়েডসেনের বাড়ানো ক্রস ছোট বক্সের একটু ওপরে পেয়ে যান অরক্ষিত লিঙ্কন। দেখেশুনে নেওয়া এই ডিফেন্ডারের শট পোস্টের ভেতরের কানায় লেগে ঠিকানা খুঁজে পায়।
 
প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে নেয় ফেডারেশন কাপের গত চার আসরের তিন বার শিরোপা জেতা শেখ জামাল। ল্যান্ডিংয়ের পাস থেকে বল নিয়ে ক্ষিপ্র গতিতে একক প্রচেষ্টায় মিতুল হাসানকে পরাস্ত করেন ওয়েডসেন। একটু পর প্রতিআক্রমণে যাওয়া আবু সুফিয়ান সুফিলের শট পোস্টের ওপর দিয়ে উড়ে গেলে হতাশ হতে হয় আরামবাগকে।
 
দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে ফেরার আরেকটি সুযোগ নষ্ট হয় আরামবাগের। আব্দুল্লাহ হামিদ ভাসানীর ক্রসে জাফর ইকবালের শট রুখে দেন গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল। ৬১তম মিনিটের সুযোগ আর নষ্ট হয়নি। বাঁ দিক থেকে বাড়ানো জাফরের মাপা ক্রসে ক্যামেরুনের ফরোয়ার্ড ইয়োকো সামনিকের নিখুঁত হেড ঠিকানা খুঁজে পায়।
 
৬৯তম মিনিটে সমতায় ফেরে আরামবাগ। সামনিকের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে কেস্টার আকন আগুয়ান গোলরক্ষক হিমেলের মাথার ওপর দিয়ে বল লক্ষ্যে পৌঁছে উদযাপনে মাতেন। একটু পর ল্যান্ডিংয়ের পাসে ওয়েডসেনের নেওয়া শট আটকে আরামবাগকে ম্যাচে রাখেন গোলরক্ষক মিতুল।
 
শেষ দিকে মিতুলের দৃঢ়তায় দুই বার বেঁচে যায় আরামবাগ। ৮৭তম মিনিটে লিঙ্কনের ক্রসে এমেকার হেড ফিস্ট করে ফেরানোর পর যোগ করা সময়ে ওয়েডসেনের প্রচেষ্টাও ব্যর্থ করে দেন তিনি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
 
৯৭তম মিনিটে ওয়েডসেনের থ্রু পাস বক্সের মধ্যে সুবিধাজনক জায়গায়ও পেয়ে কাজে লাগাতে পারেননি রাকিব সরকার; বদলি নামা এই মিডফিল্ডারের শট দ্রুত এগিয়ে এসে আটকে দেন মিতুল। বাকিটা সময় কোনো দল গোল না পেলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানেই মুকুট ধরে রাখার আশা গুঁড়িয়ে যায় শেখ জামালের।
 
টাইব্রেকারে আরামবাগের ইয়োকো সামনিকের শট হিমেলের হাত হয়ে পোস্টে লেগে বাইরে যাওয়ার পর ইসা ইউসুফ, সাজ্জাদুজ্জামান পলাশ, আব্দুল হামিদ ভাসানী, কেস্টার আকন গোল করেন। 
 
শেখ জামালের এমেকার ডারলিংটন, ওয়েডসেন আনসেলমের লক্ষ্যভেদের পর এনামুল হকের শট বাইরে যায়। তবে ইয়াসিন খান, ল্যান্ডিং ডারবো লক্ষ্যভেদ করলে ম্যাচের ভাগ্য গড়ায় সাডেন ডেথে। সেখানেই জয় আরামবাগের। চ্যাম্পিয়নদের বিদায় করে সেমিতে তারা।