আইএস বেপরোয়া হয়ে উঠেছে: সিআইএ

আপডেট : ১৭ জুন ২০১৬, ১৯:৫২
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সারাবিশ্বে হামলা চালাতে সক্ষম বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। শত বাধা সত্ত্বেও তারা এখন ‘বেপরোয়া’। গত বৃহস্পতিবার ইউএস সিনেট কমিটিতে একথা জানিয়েছেন সংস্থাটির প্রধান জন ব্রেনান। 
 
যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে সমকামী নৈশক্লাবে হামলার ঘটনার কয়েকদিন পর এই বক্তব্য দিলেন সিআইএ প্রধান। ঐ ঘটনায় মোট ৪৯ জন নিহত হয়, যা আমেরিকার ইতিহাসে সবচেয়ে মারাত্মক বন্দুক হামলার ঘটনা। হামলাকারী নিজেকে আইএসের সমর্থক বলে পরিচয় দিয়েছিলেন।
 
সিআইএর’র পরিচালক জন ব্রেনান বলেন, জঙ্গি সংগঠনটি “ভয়ংকর” এবং “প্রাণবন্ত”। এর রয়েছে আল-কায়েদার চেয়ে অধিক সংখ্যক যোদ্ধা। যার ফলে একটি বৈশ্বিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তারা। সিরিয়া এবং ইরাকে পরাজিত হলেও সারাবিশ্বে হামলা চালানোর সক্ষমতা দলটির রয়েছে। এই সক্ষমতার জায়গাটি তারা ধরে রাখতেও পারবে।
 
তিনি বলেন, যুদ্ধক্ষেত্র এবং আর্থিক জায়গাগুলোতে দলটির বিরুদ্ধে আমাদের সাফল্য রয়েছে। কিন্তু দুর্ভাগ্য যে, আমাদের প্রচেষ্টা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষমতা এবং পুরো বিশ্বে তাদের পদচারণা কমাতে পারবে না। সূত্র: আল জাজিরা