জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধও প্রয়োজন - হাছান মাহমুদ

আপডেট : ১৭ জুন ২০১৬, ২০:৪৯
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পাশাপাশি জনগণেরও জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড.হাছান মাহমুদ এমপি।
 
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ কথা বলেন।
 
তিনি বলেন পেট্রোল বোমাবাজদের বিরুদ্ধে যেভাবে জনগন প্রতিরোধ গড়ে তুলেছিল তেমনিভাবে গুপ্ত হত্যাকারী জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।গতকাল মাদারীপুরে জনগন যেভাবে এক জঙ্গিকে ধরেছে সেভাবে সারাদেশেও জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
 
খালেদা জিয়া ও তার দলের নেতৃবৃন্দের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন,জঙ্গি-সন্ত্রাসীর বিরুদ্ধে পুলিশি অভিযান শুরু করতেই বিএনপি নেত্রী ও তার দলের নেতাদের নর্তন-কুর্দন শুরু হয়ে গেছে।প্রতিদিন তারা সংবাদ সম্মেলন করে সরকারের বিরুদ্ধে কথা বলছে।আমার প্রশ্ন হচ্ছে সরকার জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে কিন্তু বিএনপির এতো মাথা ব্যাথা কেন?প্রকৃতপক্ষে দেশের যে সব গুপ্তহত্যা সংঘটিত হচ্ছে তা বিএনপি-জামাতের ষড়যন্ত্রের অংশ।তারা চাইছে দেশকে অস্থিতিশীল করতে।আসল সত্য বেরিয়ে আসার ভয় থেকেই বিএনপি নেত্রী ও তার দলের নেতারা এ অভিযানের বিরুদ্ধে কথা বলছেন।
 
সংগঠনের সভাপতি জিন্নাত আলি খান জিন্নাহর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বলরাম পোদ্দার,ব্যারিস্টার জাকির আহমেদ,হাসিবুর রহমান মানিক, জিএম আতিক প্রমুখ।