অস্ট্রেলিয়ার লেগ স্পিনার শেন ওয়ার্ন নিজের পছন্দের টি-টোয়েন্টি একাদশে স্থান পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। শনিবার নিজের ফেসবুক পেজে নিজের পছন্দের তালিকা দেন এই কিংবদন্তী ক্রিকেটার।
একটি কাগজে শেন ওয়ার্ন তার পছন্দের সেরা একাদশের তালিকা লিখে ফেসবুকের তার ছবি পোস্ট করেছেন।
ফেইসবুকে অনুসারীদের জন্য পছন্দের একাদশটি বানিয়েছেন ওয়ার্ন। কাগজে নামগুলি লিখে সেটির ছবি দিয়েছেন একটি পোস্টে।
আন্তর্জাতিক ক্রিকেট অভিষেকের পরই সফলতার মুখ দেখে চলেছেন মুস্তাফিজুর রহমান। সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের বোলিং জাদুতে মুগ্ধ করেছেন বিশ্ববাসীকে।
ওয়ার্নের একাদশে প্রথমেই আছেন দুই ওপেনার ক্রিস গেইল ও অবসরে যাওয়া ব্রেন্ডন ম্যাককালাম। এরপরই আছেন বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। অলরাউন্ডারের মধ্যে ওয়াটসনের পাশাপাশি আছেন, আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভো। এছাড়াও তার তালিকায় রয়েছে উইকেটকিপার-ব্যাটসম্যান জস বাটলার। দলের কিপিং গ্লাভসও সামলাবেন তিনিই। তালিকায় রয়েছেন স্পেশালিস্ট স্পিনার সুনিল নারাইন। মুস্তাফিজের সঙ্গে স্পেশালিস্ট পেস বোলার হিসেবে ওয়ার্ন রেখেছেন আরেক বাঁহাতি মিচেল স্টার্ককে।
শেন ওয়ার্নের পছন্দের তালিকায় সেরা একাদশ: ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, মিচেল স্টার্ক, সুনিল নারাইন, মুস্তাফিজুর রহমান।
