বজ্রপাতের মতো দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
শনিবার সকালে রাজধানীর মহাখালীর হোটেল অবকাশে ‘বজ্রপাতে করণীয়’ র্শীষক এক কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।
মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বলেন, বজ্রপাতের কারণ, পূর্বপ্রস্তুতি, বজ্রপাতকালে করণীয় কী, এসব বিষয়ে সকলকে সচেতন হতে হবে। লিফলেট বিতরণ ও গণমাধ্যমের প্রচারণা আরো বাড়াতে হবে বলে।
তিনি বলেন, চলতি বছরে এ পর্যন্ত ১০৩ জন মারা যায় বজ্রপাতে। সেইসাথে মাত্র ৪ দিনে ৮১ জন মারা যায়। এ দুর্যোগ এড়াতে এবং বিপুল মানুষের প্রাণহানির ঘটনায় সরকার ২০১৫ সালের আগষ্ট মাসের ২৭ তারিখে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ্ কামালের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
কর্মশালায় আরো বক্তৃতা করেন ইউনিভার্সির্টি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য প্রফেসর জামিলুর রেজা চৌধুরী। তিনি বলেণ, বজ্রপাতে ক্ষয়ক্ষতি হ্রাসে জাতীয় বিল্ডিং কোডে বজ্রপাত নিরোধক দন্ড স্থাপন বাধ্যতামূলক করতে হবে। পাশাপাশি বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যপুস্তকে সহজ ভাষায় বজ্রপাত সম্পর্কে অধ্যায় রাখতে হবে যাতে শিক্ষার্থীরা সচেতন হতে পারে।
এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন-দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রিয়াজ আহমেদ, একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাজ্জাদ কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ বিভাগের পরিচালক অধ্যাাপক ড. মাহবুবা নাসরীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও আর্থ অ্যান্ড এনভারমেন্টাল সাইন্স অনুষদের ডীন ড.এস এম মাকসুদ কামাল প্রমুখ।-বাসস।
