বাংলাদেশে কার্যক্রম বৃদ্ধি করতে আগ্রহী পিইউএম

আপডেট : ১৮ জুন ২০১৬, ১৬:৫৬
উন্নয়নশীল দেশের ছোট ও মাঝারি উদ্যোক্তাদের পরামর্শক প্রতিষ্ঠান পিইউএম বাংলাদেশে তাদের কর্মকাণ্ড বিস্তৃত করতে আগ্রহ প্রকাশ করেছে। নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলালের সঙ্গে বৈঠকে সংস্থাটির কর্মকর্তারা এই কথা জানিয়েছেন।
 
সংস্থাটির নেপাল ও বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ইয়োহান ভ্যান ডেন বার্গ ও প্রজেক্ট অফিসার মুরিয়েল কায়ার ভ্যান ডার পল রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইয়োহান বলেন, পিইউএম বাংলাদেশে আইসিটি, দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ. চামড়া শিল্প, পশু খাদ্য ও পোল্ট্রি, সবজি ও ফল, মৎস্য, পানি শোধন ব্যবস্থাপনা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ব্যাংকিং ও ক্ষুদ্রঋণ সহ বিভিন্ন খাতে তাদের কর্মকাণ্ড বৃদ্ধি করতে চায়। রাষ্ট্রদূতকে তিনি জানান, ইতোমধ্যে পিইউএম এর সহায়তায় অনেক বাংলাদেশি উদ্যোক্তা টেকসই উন্নতি করতে সক্ষম হয়েছে।
 
রাষ্ট্রদূতের কাছে পিইউএম এর বাংলাদেশি প্রতিনিধিদের তালিকা প্রদান করে বলা হয়, তারা সম্পূর্ণ বিনামূল্যে উদ্যোক্তাদের পরামর্শ দিয়ে থাকে। এমনকি ক্ষেত্র বিশেষে সম্ভাবনাময় উদ্যোক্তাদের অর্থ প্রদান করে।
 
IMG0
 
রাষ্ট্রদূত বেলাল পিইউএমকে বাংলাদেশি উদ্যোক্তাদের দুগ্ধজাত পণ্যে অসামান্য সফলতায় অনুপ্রাণিত করতে আহ্বান জানান। বাংলাদেশে পিইউএম এর কর্মকাণ্ড বৃদ্ধিতে সহায়তা করতে নেদারল্যান্ডস এর দূতাবাস তাদের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন। 
 
উল্লেখ্য, গত ৩৮ বছর ধরে পিইউএম উন্নয়নশীল দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের টেকসই উন্নয়নে পরামর্শক হিসেবে কাজ করে আসছে। শুধুমাত্র ২০১৫ সালে ৭৩টি দেশে ১৭১০ উদ্যোক্তাকে সহায়তা করেছে প্রতিষ্ঠানটি।