প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের লোকসভার সদস্য ও দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি। শনিবার জাতীয় সংসদ ভবনে এই সাক্ষাৎ হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
এ সময় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহজাবিন খালেদ উপস্থিত ছিলেন।
ইহসানুল করিম জানান, সাক্ষাত্কালে প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের সরকার ও জনগণের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভারতের এই সহায়তার কথা বাংলাদেশের জনগণ কখনোই ভুলবে না। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন, সহযোগিতা বৃদ্ধি হলে এবং যোগাযোগ অব্যাহত থাকলে তা ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সবকিছুর জন্য ভালো বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
সাক্ষাত্কালে প্রণবপুত্র অভিজিত্ বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করে বলেন, বাংলাদেশের স্থান ভারতের জনগণের হূদয়ে রয়েছে।
