মেসি মানেই মাঠে বাড়তি জ্বালানি পায় দলের খেলোয়াড়রা। একইভাবে প্রতিপক্ষ পড়ে যায় দুশ্চিন্তায়। মেসি ও আর্জেন্টিনার নৈপুণ্যেই সব ম্যাচ জিতে তারা এখন নক আউট পর্বে।
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির বিশ্বাস, প্রতিযোগিতায় সামনে এগুনোর সঙ্গে সঙ্গে তারা আরও বিধ্বংসী হয়ে উঠবে। রবিবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে এই দুই দল। আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ওলেকে দেয়া সাক্ষাতকারে মেসি বলেন, ‘আমরা যত সামনে এগুবো, তত বেড়ে উঠবো। সব ক্ষেত্রেই আমরা ভালো করছি।’
তিনি বলেন, ‘বেশ কিছু দিন ধরে আমরা এক সঙ্গে কাজ করছি এবং কোচিং স্টাফকে আমাদের জানতে হবে এবং আমাদেরকে তাদের। শুরু থেকে এখন পর্যন্ত আমরা অনেক উন্নতি করেছি।’
আত্মবিশ্বাসের কমতি না থাকলেও দেশের হয়ে অপূর্ণতা ঘোঁচাতে মরিয়া মেসি এবার কোনো ভুল করতে চান না। তাই পরের প্রতিপক্ষ ভেনেজুয়েলা কাগজে-কলমে দুর্বল হলেও আর্জেন্টিনা অধিনায়ক তাই সতর্ক।
চিলির বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকা অভিযান শুরু করার ম্যাচে ছিলেন না মেসি। পিঠের চোট কাটিয়ে গ্রুপের শেষ দুই ম্যাচে বদলি হিসেবে খেলেন বার্সেলোনা তারকা। এর মধ্যে দ্বিতীয় ম্যাচে পানামাকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিতে ১৯ মিনিটে হ্যাটট্রিক করেন তিনি। শেষ ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারায় ১৪ বারের চ্যাম্পিয়নরা।
তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১০ বার বল পাঠানোর বিপরীতে মাত্র একটি গোল হজম করা নিশ্চিতভাবেই দুর্দান্ত পারফরম্যান্স। তবে মেসির বিশ্বাস, সময় যত গড়াবে তারা আরও ধারাবাহিক হবে।
