বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবিরের স্বাক্ষরিত ৫০০ টাকার নতুন নোট আগামীকাল রবিবার থেকে বাজারে আসছে। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এ নোট ইস্যু করা হবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এটিই হবে গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত প্রথম নোট। গত মার্চে নিয়োগ পান ফজলে কবির।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫২ মিলিমিটার*৬৫ মিলিমিটার মাপের ৫০০ টাকার এ নোটের রঙ, আকৃতি, নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকবে। আর নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ৫০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপত্ চালু থাকবে। নতুন নোটের পরিবর্তন বলতে শুধু গভর্নরের সইয়ের জায়াগায় থাকবে বর্তমান গভর্নর ফজলে কবিরের স্বাক্ষর।
প্রসঙ্গত, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যাংক নোট হিসেবে গণ্য হয়। এসব নোটে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সই থাকে। আর ১, ২ ও ৫ টাকা হচ্ছে সরকারি নোট। যেগুলোতে অর্থ সচিবের সই থাকে।
