জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, 'বাংলাদেশের সাথে ভারতের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন অতিপ্রাচীন ও পরীক্ষিত।'
শনিবার দুপুরে বিরোধীদলীয় নেতার সাথে সংসদ ভবনস্থ তার কার্যালয়ে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে ভারতীয় লোকসভার সদস্য অভিজিৎ মুখার্জির সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
বিরোধীদলীয় নেতা মহান মুক্তিযুদ্ধে ভারতের অপরিসীম অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি বলেন, 'বন্ধু প্রতিম রাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মিটিয়ে অর্থনৈতিক ক্ষেত্রেও পারস্পারিক সমৃদ্ধি ও সহযোগিতার সম্পর্ক উন্নয়ন ঘটানোর সুযোগ রয়েছে।'
এ সময়ে ভারতের লোকসভার সদস্য অভিজিত মুখার্জি বলেন, 'ভাত খেয়ে যে মানুষ বীর হতে পারে বাঙ্গালীরা তা প্রমাণ করেছে। প্রতিবেশী দু'দেশের মধ্যে চালু হওয়া সীমান্ত হাট ব্যবস্থাকে আরও ফলপ্রসূ করে তুলে দু'দেশই অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে লাভবান হতে পারে।'
বিরোধীদলীয় নেতা বলেন, 'সার্ক-বিম্সটেকসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে দু'দেশের সহযোগিতা, রাজনৈতিক ও অর্থনৈতিক অভিন্ন স্বার্থ পুরনো কাজে লাগানোর সময় এসেছে এখন।
অভিজিত মুখার্জী বাংলাদেশের নারীর ক্ষমতায়নের বর্তমান অবস্থায় ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের মানুষের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন বলে অনুভূতি প্রকাশ করেন।'
সাক্ষাতকালে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এমপি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপি, ফখরুল ইসলাম এমপি, নূর-ই-হাসনা লিলি চৌধুরী এমপি, রওশন আরা মান্নান এমপি, মামুনুর রশিদ এমপি, হাজী ইলিয়াস এমপি, মোহাম্মদ নোমান এমপি প্রমুখ উপস্থিত ছিলেন। খবর- বাসস।
