ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে কোচ মেরামতের কাজ। ঈদ-উল-ফিতরে অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য কারখানটিতে ৮৪টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কারখানায় জনবল সংকটে শ্রমিক ও কর্মচারীরা ওভারটাইমে কাজ করছেন।
শনিবার সরেজমিনে রেলওয়ে কারখানায় গেলে শ্রমিক কর্মচারীরা জানান, নিয়মিত কাজের বাইরে ঈদকে ঘিরে অতিরিক্ত ৮৪টি কোচ মেরামত চলছে। এর মধ্যে আছে ৪৬টি ব্রডগেজ (বড়) ও ৩৮টি মিটারগেজ (ছোট) লাইনের কোচ।
ক্যারেজ শপের ইনচার্জ ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী দিলশাদ করিম আবুহেনা জানান, ‘প্রচুর কাজের চাপ। ঈদে ঘরমুখি রেলযাত্রীদের সেবা দিতে আমরা অতিরিক্ত কাজ করছি। নিয়মিত কাজের বাইরে শ্রমিকরা প্রতিদিন ওভারটাইম (অতিরিক্ত সময়) করছেন। এছাড়াও সাপ্তাহিক ছুটির দিনেও কাজ চলছে কারখানায়।’
একটি সূত্র জানায়, সৈয়দপুর রেলওয়ে কারখানায় বর্তমানে জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে এবং বর্তমানে কর্মরত আছেন প্রায় দেড় হাজার শ্রমিক। এছাড়াও আছে সরঞ্জাম সংকট। প্রয়োজনীয় যন্ত্রাংশ সহজলভ্য নয়। নেই বুশ, সিপ্রং, সুইং হ্যাঙারের স্বাভাবিক সরবরাহ। ফলে কোচ মেরামত কাজ সংকটে পড়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সৈয়দপুর রেলওয়ে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক প্রকৌশলী বেলাল হোসেন সরকার। তিনি বলেন, কোনো প্রকার যন্ত্রাংশ ও সরঞ্জামের সংকট নেই। কারখানাকে সবকিছুর স্বাভাবিকভাবে সরবরাহ দেওয়া হচ্ছে।
নানা সংকটের মাঝেও ঈদে কোচ মেরামতের বিষয়টি এখন সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। কাজেই কারখানার শ্রমিক-প্রকৌশলীরা নিরলস কাজ করছেন। আগামী ২ জুলাইয়ের মধ্যে ঈদের কোচগুলো রেলওয়ে পরিবহন (ট্রাফিক) বিভাগকে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
