মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানিয়েছেন, সম্প্রতি দেশের কয়েকটি ধর্মীয় উপাসনালয়ের পুরোহিতদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি রাজধানীর সব ধর্মীয় উপাসনালয়ে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। গতকাল শনিবার রাজধানীর মিন্টো রোডের ডিএমপির মিডিয়া শাখায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
যুগ্ম কমিশনার বলেন, আমরা প্রফেশনালি যতটুক বুঝি যে, এ ধরনের হত্যাকাণ্ড কখনো বলে-কয়ে হয় না। তারপরও আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখছি। যে প্রতিষ্ঠানের প্যাডে ঢাকার রামকৃষ্ণ মিশনকে হুমকি দেওয়া হয়েছে, সেটির আমরা তদন্ত করে দেখছি।
তা ছাড়াও হুমকির বিষয়ে পার্শ্ববর্তী দেশ থেকেও উদ্বেগ প্রকাশ করেছেন। তাই শুধু হিন্দু উপাসনালয়েই নয়, মুসলমান,খিস্টানসহ সব ধর্মের উপাসনালয়েই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
দেশব্যাপী সদ্য সমাপ্ত সাঁড়াশি অভিযান কতটুকু সফল হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবদুল বাতেন বলেন, সাঁড়াশি অভিযানের সফলতা নিরূপণে সময় দরকার।
গত ১৫ জুন (বুধবার) সন্ধ্যায় আইএসের নামে চিঠি পাঠিয়ে ঢাকার রামকৃষ্ণ মিশনের এক গুরুকে ধর্ম প্রচারে নিষেধ করে চাপাতিতে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।
