প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে বেলজিয়ামের বড় জয়

আপডেট : ১৯ জুন ২০১৬, ১১:৩৫
 
প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেল ফিফা র‍্যাংকিং অনুসারে ইউরোপের সেরা দল বেলজিয়াম। কেভিন ডি ব্রুইন ও রোমেলু লুকাকুদের দুর্দান্ত পারফরম্যান্সে আইরিশদের উড়িয়ে দিয়ে নকআউট পর্বে ওঠার পথে এগিয়ে গেল তারা।
 
ফ্রান্সের বোর্দোয় শনিবার বিকেলে বল দখলে ও আক্রমণে বেলজিয়াম প্রথমার্ধ নিয়ন্ত্রণ করলেও গোলের দেখা মেলেনি। বিরতির আগে উল্লেখযোগ্য দুটি সুযোগ পেয়েছিল ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালিস্টরা; কিন্তু আয়ারল্যান্ডের জমাট রক্ষণ ভাঙতে পারেনি।
 
দুটি আক্রমণেই অবদান ছিল ডি ব্রুইনের। ২৩তম মিনিটে ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডারের বাড়ানো বলে ইয়ানিক কারাসকোর হেড কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক। আর বিরতির খানিক আগে ব্রুইনের ক্রস ছয় গজ বক্সে পেয়ে লক্ষ্যভেদের চেষ্টা করে টবি আলডারভাইরেল্ড; কিন্তু গোললাইন থেকে ফিরিয়ে সে যাত্রায় দলকে বাঁচান নরিচ সিটির মিডফিল্ডার ওয়েস হুলাহান।
 
বিরতির পরপরই বেলজিয়ামের গোলের অপেক্ষা ফুরায়। শুরু থেকে দারুণ খেলা ব্রুইন মাঝ মাঠের কাছ থেকে বল পায়ে এক জনকে কাটিয়ে আরেক জনকে গতিতে পরাস্ত করে লুকাকুকে পাস দেন। আর ডি বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের জোরালো নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন এভারটনের এই ফরোয়ার্ড।
 
এগিয়ে গিয়ে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে বেলজিয়াম। ব্যবধান বাড়াতেও দেরি করেনি তারা; ৬১তম মিনিটে ডিফেন্ডার টমাস মেনুয়ের উঁচু করে বাড়ানো বল ছয় গজ বক্সের সামনে পেয়ে বিনা বাধায় হেডে জালে জড়ান মিডফিল্ডার ভিটসেল। গোলরক্ষক বাঁয়ে ঝাঁপিয়ে বলে হাত লাগালেও ঠেকাতে পারেননি।
 
এর নয় মিনিট পরে লুকাকুর দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয়ে যায় বেলজিয়ামের। এডেন হ্যাজার্ডের বাড়ানো বল ধরে আট গজ দূর থেকে সহজেই লক্ষ্যভেদ করেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। এই জয়ে 'গ্রুপ অব ডেথ' হিসেবে বিবেচিত 'ই' গ্রুপ থেকে শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা ভালোমতোই থাকল প্রথম ম্যাচে ইতালির কাছে ২-০ গোলে হারা বেলজিয়ামের।
 
২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নকআউট পর্ব নিশ্চিত হওয়া ইতালি। দ্বিতীয় স্থানে উঠে আসা বেলজিয়ামের পয়েন্ট ৩। সুইডেন ও আয়ারল্যান্ডের পয়েন্ট ১। বিডি নিউজ।