সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফাঁসির রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ পিটিশন দাখিল করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী। রবিবার দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিভিউ পিটিশন দাখিল করা হয়।
রিভিউ পিটিশনে ১৪টি আইনগত যুক্তি তুলে ধরে ট্রাইব্যুনালের রায় বাতিল করে মীর কাসেমকে বেকসুর খালাস দেয়ার আবেদন জানানো হয়েছে।
মীর কাসেমের আইনজীবী ব্যারিস্টার আহমদ বিন কাসেম ইত্তেফাককে বলেন, ৬৮টি পৃষ্ঠার রিভিউ পিটিশনে মীর কাসেমের খালাসের আবেদন জানানো হয়েছে।
গত ৬ জুন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদন্ডের রায় বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ঐ রায় পুনর্বিবেচনা চেয়ে আজ আবেদন করা হলো।
মানবতাবিরোধী অপরাধের দায়ে আলবদর কমান্ডার ও জামায়াতের শুরা সদস্য মীর কাসেম আলীকে ২০১৪ সালের ২ নভেম্বর ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ঐ বছরে তিনি রায় বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করেন। গত ফেব্রুয়ারি মাসে আপিলের ওপর শুনানি করে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ। শুনানি শেষে ৮ মার্চ রায়ে মীর কাসেমের ফাঁসির আদেশ বহাল রাখে আপিল বিভাগ।
