ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, বর্তমানে দেশের সুশাসন ও নাগরিক অধিকার নিয়ে আমি সবচেয়ে বেশি হতাশ ও উদ্বিগ্ন। গণতান্ত্রিক দেশে সুশাসনের অভাব থাকলে পদে পদে নানা ধরনের সমস্যা তৈরি হয়। যা বর্তমানে আমাদের দেশে হচ্ছে। একদিকে সরকার নিজের হাতে আইন তুলে নিচ্ছে অন্যদিকে মানুষও নিজ হাতে আইন তুলে নিচ্ছে। সামান্য কারণে মানুষ মানুষকে পিটিয়ে মেরে ফেলছে। সুশাসনের অভাবে হতাশা তৈরি হওয়ায় এভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কোনো আধুনিক গণতান্ত্রিক দেশে এভাবে মানবাধিকার লঙ্ঘিত হয় না।
এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শনিবার সিরডাপ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ব্র্যাকের সহ-সভাপতি মোস্তাক রাজা চৌধুরী, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিমসহ আরো অনেকে।
সুলতানা কামাল আরো বলেন, মানুষ আমাদেরকে বলছে, আপনারা ক্রসফায়ার নিয়ে কথা বলছেন কেন। যাদের ক্রসফায়ারে দেয়া হচ্ছে তারা অন্যের মানবাধিকার লঙ্ঘন করেছে। তাই তাদের মানবাধিকার নেই। কিন্তু যেনতেনভাবে নিজের অস্তিত্ব রক্ষা করার এ বোধ ইতিবাচক নয়। এতে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এটা কোনো আধুনিক ও সুশাসনসম্পন্ন গণতান্ত্রিক রাষ্ট্রে হতে পারে না।
উন্নয়ন শুধু প্রবৃদ্ধি দিয়ে বিচার করা যায় না উল্লেখ করে সুলতানা কামাল বলেন, দেশের মানুষের ন্যূনতম অধিকার রক্ষা হচ্ছে কিনা, মানুষের স্বাধীনতা রয়েছে কিনা এবং মানুষের মানবাধিকার রক্ষা হচ্ছে কিনা তা বিবেচনা করতে হবে। এসডিজির লক্ষ্যে পৌঁছতে হলে সুশাসন নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এসডিজির যে ১৮টি অভীষ্টে আমাদের পৌঁছাতে হবে তার মধ্যে ১৬ নম্বর অভীষ্ট বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে সুশাসন ও নাগরিকের অধিকারের কথা বলা হয়েছে। এসডিজি যে ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে তা বাস্তবায়ন হবে না যদি সুশাসন ও নাগরিক অধিকার নিশ্চিত করা না যায়। তাই এটি গুরুত্বপূর্ণ।
শাহীন আনাম বলেন, বর্তমানে বড় সংকট হলো সুশাসনের অভাব। এর অভাবে দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এ ব্যাপারে কোনো পক্ষ থেকে বলিষ্ঠ কণ্ঠস্বরও পাওয়া যাচ্ছে না। এভাবে যদি মানবাধিকার লঙ্ঘিত হতে থাকে তবে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে না।
