ওয়ানডে ক্রিকেটে নতুন এক সংযোজন আনতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। তিন বছর মেয়াদি একটি ওয়ানডে লিগ আয়োজনের কথাও ভাবছে তারা। অংশ নেবে ১৩টি দল।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, আইসিসির আসছে সভায় টেস্ট ক্রিকেট দ্বি-স্তরের করার পাশাপাশি ওয়ানডে লিগ নিয়েও আলোচনা হবে। প্রস্তাব অনুযায়ী ১৩টি দল নিয়ে হবে এই লিগ। প্রতিটি দল পরস্পরের সঙ্গে দেশে বা দেশের বাইরে ৩ ম্যাচের একটি করে সিরিজ খেলবে। ৩ বছরের এই প্রক্রিয়া শেষে দুটি দল খেলবে ফাইনালে। সেক্ষেত্রে ৩ বছরে প্রতিটি দল ফাইনাল ছাড়া খেলবে ৩৬টি ওয়ানডে।
এই টুর্নামেন্টের ফলাফলের ওপর নির্ভর করেই নির্ধারিত হতে পারে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা। ১০টি টেস্ট খেলুড়ে দেশের বাইরে এই লিগের অংশ হতে পারে আফগানিস্তান, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
এই লিগের বাইরেও চাইলে নিজ উদ্যোগে ওয়ানডে আয়োজন কতে পারবে দলগুলি। তবে সেসব ম্যাচ এই লিগের অংশ হিসেবে বিবেচিত হবে না। আইসিসি সভায় অনুমোদিত হলে ২০১৯ সাল থেকেই শুরু হয়ে যেতে পারে এই লিগ।
