২২ জুন শেষ ঢাকা প্রিমিয়ার লিগ

আপডেট : ১৯ জুন ২০১৬, ১৬:১০
শেষ হচ্ছে ২০১৫-১৬ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। শনিবার (১৮ জুন) রাতে সুপার লিগের শেষ দুটি রাউন্ডের সূচি ঘোষণা করেছে লিগের আয়োজক-ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
 
সূচি অনুযায়ী ২২ জুন শেষ হচ্ছে লিগ। ২০ ও ২২ জুন অনুষ্ঠিত হবে শেষ দুটি রাউন্ডের (চতুর্থ ও পঞ্চম) খেলা।
 
তৃতীয় রাউন্ড শেষে ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আবাহনী লিমিটেড। তৃতীয় অবস্থানে ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট পাওয়া ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। মূলত এ চারটি ক্লাবের মধ্যেই হবে শিরোপার লড়াই।
 
শনিবার তৃতীয় রাউন্ডের ম্যাচে হেরে শিরোপা-স্বপ্ন শেষ হয়ে গেছে মোহামেডান ও প্রাইম ব্যাংকের। আবাহনীর শেষ দুটি ম্যাচের একটি বিকেএসপিতে। অন্যটি রাখা হয়েছে মিরপুরে। চলমান লিগে এ নিয়ে অর্ধেকেরও বেশি ম্যাচ (৮টি) বিকেএসপিতে খেলার সুযোগ পাচ্ছে দলটি।
 
২০ জুন বিকেএসপিতে তাদের প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লড়বে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ফতুল্লায় ভিক্টোরিয়ার প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
 
২২ জুন শেষ রাউন্ডে মিরপুরে আবাহনীর বিপক্ষে খেলবে প্রাইম ব্যাংক। ফতুল্লায় মুখোমুখি হবে মোহামেডান-ভিক্টোরিয়া। আর বিকেএসপিতে রূপগঞ্জের বিপক্ষে খেলবে দোলেশ্বর।