উইম্বলডনের আগে বড় এক ধাক্কাই খেলেন টেনিস তারকা রজার ফেদেরার। জার্মানির ১৯ বছর বয়সী আলেক্সান্ডার জিভারেভের বিপক্ষে হেরে গ্যারি ওয়েবার ওপেনের সেমিফাইনাল থেকে ছিটকে গেছেন সাবেক নাম্বার ওয়ান।
এর মধ্য দিয়ে এই ইভেন্টে ফেদেরারের নবম শিরোপাটা জেতা হলো না। জার্মানির হ্যালি শহরের গ্যারি ওয়েবার স্টেডিয়ামে প্রথম সেটেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন সুইস টেনিস আইকন। ৬-৬ গেমে সমতা থাকার পর টাইব্রেকারে ৭-৪ পয়েন্টে জিতে লিড নেন আলেক্সান্ডার। পরের সেটে ৭-৫ গেমের কষ্টার্জিত জয়ে সমতায় ফেরেন ফেদেরার।
তবে তৃতীয় সেটে ভক্ত-সমর্থকদের রীতিমতো হতাশই করেন ১৭ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। পক্ষান্তরে, ৬-৩ গেমের জয়ে টেনিস বিশ্বকে চমকই উপহার দেন জামার্নির এই উদীয়মান টেনিস খেলোয়াড়। নিশ্চিত করেন ফাইনাল। গত এক দশকে মধ্যে এবারই প্রথম কোনো কিশোরের কাছে হারের স্বাদ পেলেন ফেদেরার।
