খুলনায় মাদক ব্যবসায়ীর ৫ বছর কারাদণ্ড

আপডেট : ১৯ জুন ২০১৬, ১৬:৫৩
খুলনায় মাদক ব্যবসার অভিযোগে টিপু মুন্সী (৩৫) নামে এক যুবককের  ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
 
রবিবার খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন। টিপু নগরী দৌলতপুর থানার পাবলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি জামিন নিয়ে পলাতক রয়েছেন।
 
মামলার উদ্ধৃতি দিয়ে এপিপি কামরুল ইসলাম জোয়ার্দার জানান, ২০১৩ সালের ৩ আগস্ট মাদক বিক্রি করতে যাওয়ার সময় র‌্যাব সদস্যরা ৪৭ বোতল ফেনসিডিলসহ টিপু মুন্সীকে গ্রেফতার করে। এ ঘটনায় ওই দিন র‌্যাব-৬ খুলনার উপ-সহকারী পরিচালক সালাহউদ্দিন দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। একই বছরের ২ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক আদালতে টিপু মুন্সীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ৮ জনের মধ্যে ৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।