আশুগঞ্জ নৌবন্দর থেকে ট্রানজিটের প্রথম চালান ত্রিপুরায়

আপডেট : ১৯ জুন ২০১৬, ২১:১০
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে মাসূল দিয়ে নিয়মিত ট্রানজিটের প্রথম চালান রবিবার সন্ধ্যায় ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পৌঁছেছে।
 
উদ্বোধনের তিনদিন পর চারটি গাড়িতে করে ৮৪ টন রড আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করে।এর আগে দুপুর দুইটায় আশুগঞ্জ নৌবন্দর থেকে ভারতীয় রড নিয়ে তিনটি ট্রাক ও একটি ট্রেইলর আখাউড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। মালবাহী ট্রাকগুলো বিকাল সাড়ে তিনটায় আখাউড়া স্থল বন্দরে পৌঁছার পর কাস্টমস কার্যক্রমসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
 
বন্দর সূত্রে জানা যায়, আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তাকজিল খলিফা কাজল রবিবার সন্ধ্যায় ভারতের ত্রিপুরার আগরতলায় দায়িত্বে থাকা ডারসেল লজিস্টিক লিমিটেডের ম্যানেজার সজিত রায়ের কাছে পণ্যের কাগজপত্র বুঝিয়ে দেন। এ সময় দু’দেশের কাস্টমস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।