ঝালকাঠিতে বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন

আপডেট : ১৯ জুন ২০১৬, ২২:৪১
ঝালকাঠিতে বাবা হত্যার অভিযোগে ছেলে মো. কামাল হোসেনকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড  প্রদান করা হয়েছে।
 
রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শফিকুল করিম এ রায় ঘোষণা করেন। রায়ে কামাল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামি কামাল হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
 
মামলা সূত্রে জানা গেছে, ঝালকাঠির রাজাপুর উপজেলার রোলা গ্রামে ২০১৪ সালের ১০ নভেম্বর সকালে কামাল হোসেন তার মা  জয়তুন্নেছাকে একছড়া পাকা কলা ঝুড়িসহ মাথায় তুলে দেয়ার জন্য বলেন। বৃদ্ধা মা মাথায় ঝুড়ি তুলে দেয়ার সময় তা মাথা থেকে পড়ে গিয়ে পাকা কলা নষ্ট হয়ে যায়। এ ঘটনার রেশ ধরে কামাল হোসেন বাবা সিরাজ হাওলাদারের (৬৫) কাছে ৫০০ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে বাবা সিরাজ হাওলাদার অজ্ঞান হয়ে পড়লে তাকে রাজাপুর স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।