বাংলাদেশে হয়ে যাওয়া সাম্প্রদায়িক হামলা 'দুর্ভাগ্যজনক' এমন মন্তব্য করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানান, দেশটির চলমান পরিস্থিতি মোকাবেলার সর্বোচ্চ চেষ্টা করছে হাসিনার নেতৃত্বে গঠিত সরকার। বাংলাদেশ সফরের পূর্বে হওয়া এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'এ ঘটনাগুলো খুবই দুর্ভাগ্যজনক এবং কষ্টের .. কিন্তু শেখ হাসিনা সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করছে।'
এ সময় তিনি আরো বলেন, এক লাখেরও বেশি ইসলামিক পণ্ডিত ব্যক্তি একত্রিত হয়ে এই ধরণের আক্রমণকে অ-ইসলামিক বলে ঘোষণা করেছে। এর থেকে প্রমাণ হয় দেশটির সরকার ও অধিবাসীরা এমন কর্মকাণ্ড সমর্থন করে না। এ সময় তিনি বাংলাদেশের মৌলবিদের বক্তব্যের কথা উল্লেখ করে জানান, ইসলামপন্থী কিছু মানুষ যখন হিন্দু ও মুক্তমনা লেখকদের হত্যা করছে তখন ইসলামিক মৌলবিরা ফতোয়া দিয়েছে- এ ধরণের হত্যাকাণ্ড ইসলামের দৃষ্টিতে হারাম।
আরকে মিশন রোডে থাকা মন্দিরে এক হিন্দু পুরোহিতকে হত্যার হুমকি দেয়ার পর ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সেখানে ভ্রমণ করে জানান, বাংলাদেশ এ বিষয়টি নিয়ন্ত্রণের জন্য যে পদক্ষেপই নেক না কেন, ভারত তা সমর্থন করবে। সেই সঙ্গে মন্দিরে নেয়া নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
