‘বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ২৯.১১ বিলিয়ন মার্কিন ডলার’

আপডেট : ২০ জুন ২০১৬, ১৩:০১
 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ২৯ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার। সোমবার সংসদে ওয়ার্কার্স পার্টির সদস্য বেগম হাজেরা খাতুনের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
 
নুরুল ইসলাম বিএসসি বলেন, সরকারের গৃহীত রেমিটেন্সবান্ধব পদক্ষেপের ফলে দেশে রেমিটেন্স প্রাপ্তি উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে ২০১৪-১৫ অর্থবছরে ১৫ হাজার ৩১৬ দশমিক ৯১ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় ১ হাজার ১৮৯.৯৩ বিলিয়ন টাকায় উন্নীত হয়েছে।
 
তিনি বলেন, দক্ষ কর্মীদের বিদেশে চাকরি প্রাপ্তি সহজ ও অভিবাসন ব্যয় কম এবং বেতন বেশি হয়ে থাকে। তাই সরকার অদক্ষ কর্মীর পরিবর্তে অধিকহারে দক্ষ কর্মী তৈরি ও তাদের বিদেশে প্রেরণের উপর গুরুত্বারোপ করছে। এ লক্ষ্যে বর্তমানে ৪৭টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) ও ছয়টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরি করা হচ্ছে।
 
তিনি বলেন, বর্তমান সরকার দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে প্রতিটি উপজেলায় একটি করে টিটিসি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। এরই আওতায় প্রথম পর্যায়ে ‘৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং চট্টগ্রাম জেলায় ১টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন’ শীর্ষক প্রকল্প সরকার অনুমোদিত হয়েছে এবং এ প্রকল্পের কাজও শুরু হয়েছে।-বাসস।