সাভার উপজেলার আশুলিয়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে জামগড়া পবনারটেক এলাকার থেকে নিহতের ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। নিহতের নাম মো. জীবন মিয়া ওরফে নজরুল (২০)। সে আশুলিয়ার গাজীরচট এলাকার মাটির মসজিদ সংলগ্ন হাজী জহিরুল হকের ছেলে। নিহত জীবন এলাকায় একটি গ্রীলের দোকানে কাজ করতো বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আশুলিয়ার পবনারটেক এলাকার হুমায়ুন কবিরের বাড়ির পাশে অজ্ঞাত এক যুবকের ক্ষতবিক্ষত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি আশুলিয়ার থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন: টেকনাফে রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডে ১০ বাড়ি পুড়ে ছাঁই
আশুলিয়া থানার (এসআই) মিরাজ হোসেন জানান, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে রাতের কোন এক সময় তাকে হত্যা করে লাশটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতের বুকে, মুখে ও গলায় কাটাদাগসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/জেডএইচডি

