ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলো ভারতীয় ক্রিকেটাররা

আপডেট : ২০ জুন ২০১৬, ১৮:০১
অবশেষে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেল ভারতীয় ক্রিকেটাররা। তদন্ত শেষে জানানো হয়, ধর্ষণে ভারতীয় নাগরিক অভিযুক্ত হলেও এতে কোনো ক্রিকেটার জড়িত ছিলেন না।
 
রবিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলোতে ফলাও করে খবর প্রচার করা হলেও সোমবার স্থানীয় পুলিশের তদন্ত শেষে জানানো হয় ধর্ষণের দায়ে কোনো ভারতীয় ক্রিকেটার নন, দুই ভারতীয় ব্যক্তি জড়িত ছিলেন।
 
জড়িতরা হলেন ভারতীয় নাগরিক কৃশনা সত্যনারায়ন এবং রাজকুমার কৃশনান। সিরিজের স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এ দু’জনই ভারতীয় দল যে হোটেলে উঠেছে, সেখানেই অবস্থান করছিলেন। সত্যনারায়ন আইটিডব্লিউ স্পোর্টস এবং রাজকুমার জাম্বিয়াভিত্তিক একটি প্রতিষ্ঠানে কর্মরত।
 
বর্তমানে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রায় দ্বিতীয় সারির দল জিম্বাবুয়ে সফরে রয়েছে। আর সেখানে ভারতীয় দলের সঙ্গে থাকা জাতীয় দলের কোনো এক ক্রিকেটার ধর্ষণের দায়ে অভিযুক্ত হন।
 
জিম্বাবুয়ে পুলিশের মুখপাত্র হিসেবে সহকারী কমিশনার চ্যারিটি চারাম্বা জানান, আমাদের কাছে ধর্ষনের একটি অভিযোগ আসে। ভারতীয় দলের একজন ক্রিকেটারের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। ধর্ষণের শিকার নারী স্থানীয় আদালতে তার অভিযোগ পেশ করেন। আমরা তদন্তের স্বার্থে ক্রিকেটারটির নাম গোপন রেখেছি। ওই নারীর অভিযোগ পত্রে বারবার একজন ভারতীয় নাগরিককে ইঙ্গিত করা হয়েছিল। তিনি হোটেলে অবস্থান করা ভারতীয় ক্রিকেটার নাকি সাধারণ কোনো ভারতীয় ব্যক্তি তা আমরা পুরোপুরি নিশ্চিত ছিলাম না। 
 
তবে ধর্ষণের শিকার ওই নারীর দাবি,  তিনি যখন হোটেলের লবিতে ঘোরাঘুরি করছিলেন, তখন ভারতীয় দলের এক ক্রিকেটার তাকে মদ খাওয়ার জন্য হোটেলের ঘরে আমন্ত্রণ জানান। সংশ্লিষ্ট ক্রিকেটারের ঘরে গেলে তখন তার পানীয়ের সঙ্গে মাদক জাতীয় কিছু মিশিয়ে দেওয়া হয়।
 
এরপর অচেতন হয়ে পড়লে তাকে ধর্ষণ করা হয়। জ্ঞান ফিরলে মহিলা বুঝতে পারেন তাকে ধর্ষণ করা হয়েছে। তার পোশাক রক্তাক্ত ছিল।
 
এদিকে জিম্বাবুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতীয় ক্রিকেটার এই ঘটনার সঙ্গে জড়িত নয়। এই ঘটনার সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের কোন সম্পর্ক নেই বলে জানায় জিম্বাবুয়েতে অবস্থিত ভারতীয় হাই কমিশনার।