মুক্তিযোদ্ধাকে হারিয়ে সেমিতে বিজেএমসি

আপডেট : ২০ জুন ২০১৬, ২০:২৯
ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে মুক্তিযোদ্ধা সংসদকে ১-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলের চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উঠলো টিম বিজেএমসি।  সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মেহেদি হাসান তপুর একমাত্র গোলে জয় পায় বিজেএমসি।
 
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে টিম বিজেএমসি। ম্যাচের ২৭ মিনিটের মাথায় মুক্তিযোদ্ধার গোলবারের বাঁপ্রান্ত দিয়ে দূরপাল্লার শট নেন মেহেদি হাসান। গোলরক্ষক কিছুটা ঝাঁপিয়ে পড়ে তা রুখে দিলে গোলবঞ্চিত হয় বিজেএমসি। ৩৪ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে সরাসরি শট নিয়েছিলেন স্যামসনস ইলিয়াসু। কিন্তু শটটি গোলবারের কিছুটা উপর দিয়ে চলে গেলে নিশ্চিতভাবেই আবারো গোলবঞ্চিত হয় বিজেএমসি।
 
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বিজেএমসির ডি-বক্সের সামান্য বাইরে থেকে ফ্রি-কিক নিয়েছিলেন তৌহিদুল আলম। তবে, বিজেএমসির গোলরক্ষক হিমেল সে যাত্রায় দলকে রক্ষা করেন। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।
 
বিরতি থেকে ফিরে ম্যাচের ৮২ মিনিটে বেশ সংঘবদ্ধ একটি আক্রমণ রচনা করে বিজেএমসি। সৈকতের ক্রস থেকে গোল আসেনি সতীর্থ কোনো খেলোয়াড় না থাকায়।
 
খেলার নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়েরও শেষ মুহূর্তে কর্নার পায় বিজেএমসি। গোলবারের ডান দিক থেকে সেই কর্নার শট নেন আব্দুল্লাহ পারভেজ। আর পারভেজের কিক থেকে হেড করে মুক্তিযোদ্ধার জালে বল জড়িয়ে দলকে ১-০ তে এগিয়ে দেন বিজেএমসির মেহেদি হাসান তপু।
 
এই এক গোলেই খেলার ফল নির্ধারিত হয়ে যায়। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। ২৩ জুন টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আরামবাগের মুখোমুখি হবে বিজেএমসি।