দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ২০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন এবি ডি ভিলিয়ার্স। ত্রিদেশীয় সিরিজের সপ্তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রোটিয়াদের হয়ে ২০০তম ম্যাচ খেলতে নামেন ডি ভিলিয়ার্স।
তবে তার মাইলফলকের ম্যাচটি স্মরণীয় হতে দিলো না বৃষ্টি। কারণ বৃষ্টির কারণেই পরিত্যক্ত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার খেলা। সেন্ট কিটসে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ম্যাচটি মাত্র ১ ওভার খেলা হয়। টস হেরে ব্যাটিং-এ নামা দক্ষিণ আফ্রিকা প্রথম ওভার খেলার পর নামে বৃষ্টি। সেই বৃষ্টি পরবর্তীতে আরও থামেনি। তাই বাধ্য হয়ে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে দেন আম্পায়াররা।
আর এ ম্যাচেই দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ২০০তম ওয়ানডে খেলার মাইলফলক স্পর্শ করেন ডি ভিলিয়ার্স। প্রোটিয়াদের হয়ে এর আগে পাঁচজন খেলোয়াড় ২০০তম ম্যাচ খেলার স্বাদ নিয়েছেন। তারা হলেন- জক ক্যালিস, শন পোলক, মার্ক বাউচার, হার্শেল গিবস ও জন্টি রোডস।
ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার হয়ে ২০০তম ম্যাচ হলেও, পুরো ক্যারিয়ারে এখন পর্যন্ত ২০৫টি ওয়ানডে খেলেছেন ডি ভিলিয়ার্স। অন্য ৫টি ম্যাচ আফ্রিকা একাদশের হয়ে এশিয়া একাদশের বিপক্ষে খেলেছিলেন ডি ভিলিয়ার্স। ক্রিকইনফো।
