সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ম শ্রেণির ছাত্রী নিহত

আপডেট : ২০ মার্চ ২০১৯, ২০:৪৯

গাইবান্ধার সুন্দরগঞ্জে বুধবার বিকালে সড়ক দুর্ঘটনায় ববিতা রাণী (৬) নামে এক শিশু নিহত হয়েছে। সে প্রথম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সুন্দরগঞ্জ-শোভাগঞ্জ সড়ক অবরোধ করে। খবর পেয়ে ইউএনও পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দোষীদের বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা অবরোধ প্রত্যাহার করে নেন। 

শিশু ববিতা রাণী উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামের স্বপন কুমার বর্মণের মেয়ে। সে স্থানীয় জরমনদী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান জানান, বুধবার বিকালে স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় সুন্দরগঞ্জ-শোভাগঞ্জ সড়কে একটি ব্যাটারি চালিত ইজিবাইক ববিতাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার পথে মাহিগঞ্জ নামক এলাকায় তার মৃত্যু ঘটে। 

আরো পড়ুন: নিরাপদ সড়কের আন্দোলনেই শিক্ষার্থীদের ওপর গাড়ি উঠিয়ে দিলেন জবি শিক্ষক

অপরদিকে সকালে সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার ছাইতানতলা বাজারের অদূরে শাখামারা ব্রিজ এলাকায় ট্রাকের চাপায় সুমী আক্তার (১৬) নামে এক শিক্ষার্থী নিহত ও শাহানাজ আক্তার নামে এক শিক্ষার্থী আহত হয়।

ইত্তেফাক/অনি