যুক্তরাষ্ট কোপা আমেরিকার শতবর্ষপূতী আসরের সেমিফাইনালে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি ও ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল আর্জেন্টিনার মুখোমুখি হলেও ভীত হচ্ছে না। বাংলাদেশ সময় আগামীকাল বুধবার টেক্সাসের হিউস্টনের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল নিশ্চিত করার প্রথম লড়াইটি। খেলাটির আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের অধিনায়ক মাইকেল ব্রাডলি জানিয়েছেন, তারা ১৪ বারের কোপা চ্যাম্পিয়নদের মোকাবেলায় তাদের মানসিকতায় কোনো পরিবর্তন থাকছে না।
কোপা আমেরিকার বিশেষ এ আসরটি প্রথা ভেঙ্গে দক্ষিণ আমেরিকার বাইরে অনুষ্ঠিত হচ্ছে। পরিধি বড় হওয়ায় এতে খেলার সুযোগ মিলেছে যুক্তরাষ্ট্রসহ কনকাকাফভুক্ত অনেক দেশের। সেই সুবাদে প্রথমবার কোপা আমেরিকায় খেলতে গিয়েই ফাইনালে ওঠার ইতিহাস গড়ার সুযোগ আছে যুক্তরাষ্ট্রের সামনে। নিজেদের মাঠ হিউস্টনে গত আসরের রানার্স-আপ আর্জেন্টিনাকে হারিয়ে দিতে পারলেই তা নিশ্চিত হবে কোচ য়ুর্গেন ক্লিন্সম্যানের দলের।
আর্জেন্টিনা প্রতিযোগিতার শুরু থেকেই যেন উড়ছে। সেমিফাইনাল নিশ্চিত করার পথে গত চার খেলার সবক’টিতেই জয় পেয়েছে তারা। সেগুলোয় কোচ জেরার্ড মার্টিনোর দল গোল পেয়েছে ১৫টি! কোয়ার্টার ফাইনালে এসে তারা গ্রুপ পর্বে অপরাজিত থাকা ভেনেজুয়েলাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে।
ক্লিন্সম্যান এরই মধ্যে জানিয়েছেন, মেক্সিকো কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ায় কোপা আমেরিকার শতবর্ষপূর্তী আসরটিতে তার দলই এখন পর্যন্ত টিকে থাকা একমাত্র কনকাকাফ অঞ্চলের প্রতিনিধি। এতেও তার দল প্রত্যাশার চাপে ভীতসন্ত্রস্থ হচ্ছে না বলে জানিয়েছেন সাবেক জার্মান ফুটবলার ও কোচটি। যদিও তার তিন খেলোয়াড় জার্মেইন জোন্স, ববি উড এবং আলেজান্দ্রো বেদোয়া নিষেধাজ্ঞার খড়গে রয়েছেন।
প্রতিপক্ষ আর্জেন্টিনা হলেও তারা একই রকমই থাকছেন বলে জানালেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক ব্র্যাডলি— ‘প্রতিক্রিয়ায় কোনো পরিবর্তন নেই। এটা একটি সেমিফাইনাল খেলা। নিজেদের মাঠে বড় কোনো টুর্নামেন্টে ফাইনালে যাওয়ার একটি সুযোগ।’ ইউএসসকার ডটকমকে তিনি আরো বলেন, ‘খেলাটির (কোয়ার্টার ফাইনাল) পর আমরা বলেছিলাম যে, প্রতিপক্ষ ভেনেজুয়েলা বা আর্জেন্টিনা যেই হোক, আমাদের দলে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই।’
আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা মেসি দারুণ ছন্দে রয়েছেন। চোট কাটিয়ে এখন তিনি পুরো ফিট। এবারের কোপার মধ্যদিয়ে আর্জেন্টিনার দীর্ঘ ২৩ বছরের শিরোপা খরা কাটাতে রীতিমত একাট্টা হয়ে লেগেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা স্ট্রাইকার। চোটের কারণে প্রতিযোগিতায় আর্জেন্টিনার প্রথম খেলাটিতে মেসি বেঞ্চে থাকলেও, চিলির বিপক্ষে ২-১ গোলের জয় পেতে বেগ পেতে হয়নি আর্জেন্টিনাকে। কিছুটা চোট নিয়েই পানামার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের বিরতির পর মাঠে নামেন মেসি; নেমেই হ্যাটট্রিকের দেখা পান। আর কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলার বিপক্ষে একটি গোল করে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ৫৪টি গোল করা বাতিস্তুতার পাশে নাম লেখান বার্সেলোনা ফরোয়ার্ড।
সময়ের সেরা খেলোয়াড় মেসি দুর্দান্ত ফর্মে থাকলেও সেমিফাইনালে তার প্রতি বিশেষ নজর দেয়ার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। দলটির ডিফেন্ডার ম্যাট বেসলার এ ব্যাপারে বলেন, 'আমি জানি না, আমরা মেসিকে থামাতে পারবো কি-না। স্বাভাবিকভাবেই সবসময় তার প্রতি অনেক নজর থাকে, এই ম্যাচেও আছে। তার বিপক্ষে খেলতে হলে দলীয় প্রচেষ্টা নিয়েই খেলতে হয়। সে মাঠের কোথায় আছে, এটা সবসময় খেয়াল রাখতে হয়। একই সময়ে, আমাদের নিজেদের খেলা খেলতে হবে। প্রতিপক্ষের খেলায় খুব বেশি নজর দেয় যাবে না।'
আর্জেন্টিনা সেমিফাইনালে যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিতে পারলে টানা তিনটি বড় টুর্নামেন্টের ফাইনাল খেলবে। এর আগে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল এবং ২০১৫ সালে চিলিতে অনুষ্ঠিত সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে হারে তারা। বড় টুর্নামেন্টগুলোতে দলের এমন ধারাবাহিকতায় গর্বিত আর্জেন্টিনা কোচ মার্টিনো। তিনি বলেন, 'আমি মনে করি আমরা এগিয়ে যাচ্ছি এবং এটা সত্যিকার অর্থেই আমাকে গর্ব করার মতো অনুভূতি দেয়।' সকারওয়ে।
