ঈদে ফিটনেসবিহীন বাস-লঞ্চ বন্ধের দাবি

আপডেট : ২১ জুন ২০১৬, ১৩:২৫
আসন্ন ঈদে যাত্রী পরিবহনে ফিটনেসবিহীন বাস ও লঞ্চ চলাচল বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
 
সমাবেশে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, দেশে গণপরিবহন সংকটের সুযোগ কাজে লাগিয়ে ঈদ যাত্রার বহরে নিবন্ধিত যানবাহনের আন্তঃজেলা ও দূরপাল্লার ক্ষেত্রে ২৯ শতাংশ, সিটি সার্ভিসে ৪৭ শতাংশ ফিটনেসবিহীন যানবাহন চলাচল করে। নৌপথে ১৭ শতাংশ লঞ্চ ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণভাবে চলাচল করে। এতে প্রতিবছর ঈদে সড়ক ও নৌ দুর্ঘটনায় শতশত যাত্রীকে প্রাণ দিতে হয়। কয়েক হাজার যাত্রী আহত ও পঙ্গু হয়। সরকারের পক্ষ থেকে এসব প্রাণহানি বন্ধে অবিলম্বে এসব ফিটনেসবিহীন যানবাহন বন্ধের উদ্যোগ নিতে হবে।
 
তিনি বলেন, সারা দেশে অবৈধ নসিমন করিমন যাতে দূরপাল্লার যাত্রী নিয়ে মহাসড়কে উঠতে না পারে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া সারা দেশে ৪ লক্ষাধিক নিবন্ধিত ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ যানবাহন যাতে দূরপাল্লার যাত্রী বহন করতে না পারে তার ব্যবস্থা নিতে হবে।