সিপিএল খেলতে ঢাকা ছাড়ছেন সাকিব

আপডেট : ২১ জুন ২০১৬, ১৫:৩৮
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টুর্নামেন্ট মাতাতে আগামী ২৬ জুন রবিবার ঢাকা ছাড়বেন তিনি।
 
সিপিএলের খেলোয়াড় ড্রাফট থেকে ১ লাখ ১০ হাজার ডলারে বাংলাদেশের অলরাউন্ডারকে দলে ভেড়ায় দলটি। ২০১৩ সালে সিপিএলের প্রথম আসরে সাকিব খেলেছিলেন বারবাডোজের ট্রাইডেন্টসের হয়ে। তবে,পরেরবার বোর্ডের অনুমতি পাওয়া নিয়ে ঝামেলা থাকায় খেলতে পারেননি তিনি।
 
কিছুদিন আগে অনাপত্তিপত্রের জন্য বিসিবির কাছে আবেদন করেন সাকিব। তার আবেদনের পরিপ্রেক্ষিতে অনাপত্তিপত্র পাওয়ায় আসন্ন এই টুর্নামেন্টে খেলতে এবার কোনো বাধা নেই সাকিবের। ২৬ জুন এমিরেটসের একটি ফ্লাইটে রাত ৮টায় ঢাকা ত্যাগ করবেন টাইগারদের সেরা এই অলরাউন্ডার।
 
জ্যামাইকার দলটিতে সাকিব তৃতীয় সর্বোচ্চ মূল্যমানের খেলোয়াড়। সাকিবদের সঙ্গে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল,লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা,পেসার লাসিথ মালিঙ্গা,ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল আর পাকিস্তানের ইমাদ ওয়াসিম।