অবশেষে মুক্তি পেয়েছে হৃত্বিক রোশন অভিনীত ঐতিহাসিক সিনেমা ‘মহেঞ্জোদারো’-র ট্রেলার। আর সেই ট্রেলারই সকলকে একেবারে তাক লাগিয়ে দিয়েছে।
ঐতিহাসিক পটভূমিকায় তৈরি সিনেমায় ভিসুয়াল এফেক্ট এবং সেটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের ছবির ক্ষেত্রে যথাযথ সেট বা ভিজুয়াল এফেক্ট তৈরি করা না গেলে ছবির ব্যর্থতা অনিবার্য। ‘মহেঞ্জোদারো’ নির্মাণের ক্ষেত্রে এ দিকগুলিতে যথেষ্ট যত্ন নিয়েছেন পরিচালক আশুতোষ গোয়াড়িকর। যার ফলে, হলিউডের ছবি ‘মমি’, ‘স্কর্পিয়ন কিং’, ‘ট্রয়’ বা ‘গ্ল্যাডিয়েটর’-এর মতোই এই ছবিটির ভিজুয়াল এফেক্ট এবং সেট এক কথায় অসাধারণ। এ ছাড়াও ছবিটির অ্যাকশন থেকে অভিনয়— সবে কিছুতেই চমক রয়েছে ‘মহেঞ্জোদারো’-তে। প্রায় সাড়ে চার হাজার বছরের প্রাচীন এই সভ্যতা তিন মিনিটের ‘মহেঞ্জোদারো’-র ট্রেলারে যেন এক টুকরো স্বপ্নের মতো হঠাৎ জীবন্ত হয়ে উঠছে সাইবার সভ্যতার দর্শকদের সামনে।
ঐতিহাসিক এই ছবিতে হৃত্বিক রোশন ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কবীর বেদী। ছবিতে হৃত্বিকের বিপরীতে রয়েছেন নবাগতা পূজা হেগ। ‘সরমন’ নামের একটি চরিত্রে দেখা যাবে হৃত্বিককে। এ বছরেরই ১২ আগস্ট মুক্তি পেতে চলেছে আশুতোষ গোয়াড়িকরের বহু প্রতীক্ষিত এই ছবিটি। ‘মহেঞ্জোদারো’-র ট্রেলার দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে প্রত্যাশা আরও বহু গুণ বাড়িয়ে দিয়েছে। দেশের অসংখ্য দর্শক এখন মুখিয়ে রয়েছেন ছবিটির মুক্তির অপেক্ষায়। আসুন দেখে নেওয়া যাক ‘মহেঞ্জোদারো’-র ট্রেলার। ইন্ডিয়ান এক্সপ্রেস।
