উইম্বলডনে মারের হুশিয়ারি

আপডেট : ২১ জুন ২০১৬, ১৭:৪৩
সামনের সপ্তাহেই শুরু হচ্ছে বছরের ‍তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উম্বলডন। আগামী ২৭ জুন লন্ডনে উইম্বলডন চ্যাম্পিয়নশিপের পর্দা উঠবে। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নোভাক জোকোভিচকে আগাম সতর্কবানী দিয়েছেন দিয়েছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে।
 
এক সাক্ষাৎকারের মারে বলেন, ‘আমি এটা (উইম্বলডন) ঘরে ফিরিয়ে নেব। আশা করছি, কয়েক সপ্তাহের মধ্যে উদযাপনের জন্য কিছু একটা পাব। টুর্নামেন্ট শুরুর আগে আমার প্রস্তুতিটা (অ্যাগন চ্যাম্পিয়নশিপ) অবশ্যই ভালো হয়েছে। উইম্বলডনে প্রথম ম্যাচের আগে আটদিন সময় পাচ্ছি। তাই সবকিছুতে আরো উন্নতি আনতে এটাই সেরা সময়।’
 
শেষ পনেরবারের দেখায় জোকোভিচের বিপক্ষে ১৩ বার হারলেও মারের বিশ্বাস, কোচ ইভান লেন্ডলের ফেরাটাই ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লাম ইভেন্টটিতে পার্থক্য গড়ে দেবে।
 
এ বছর অস্ট্রেলিয়ান ওপেনের পর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও জোকোভিচের কাছে হার মানেন মারে। তবে অ্যাগন চ্যাম্পিয়নশিপের ফাইনালে মিলোস রাওনিককে হারিয়ে উইম্বলডনের প্রস্তুতিটা ভালোভাবেই সম্পন্ন করেছেন মারে। 
 
এই ইভেন্টে এটি তার রেকর্ড পঞ্চম শিরোপা। এবার ফ্রেঞ্চ ওপেনের হতাশা ভুলে ঘরের মাটিতে ২০১৩ আসরের পুনরাবৃত্তি ঘটাতে চান ব্রিটিশ নাম্বার ওয়ান।