আইসিসির কাছে ক্ষতিপূরণ দাবি পিসিবির

আপডেট : ২১ জুন ২০১৬, ১৮:১৪
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-আইসিসির কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান।  পাকিস্তানের মাটিতে কোনো দেশ খেলতে না যাওয়ায় এবং আন্তর্জাতিক কোনো ম্যাচ অনুষ্ঠিত না হওয়ায় বছরের পর বছর দেশটির আর্থিক ক্ষতি হচ্ছে বলে জানান তিনি।
 
এজন্য আইসিসির অন্তর্ভুক্ত দেশগুলোকে অনুরোধ করেছেন পিসিবির তহবিলে আর্থিক সাহায্যে দেওয়ার।  আইসিসিও কোনো দেশকে পাকিস্তান সফরে যেতে দিতে রাজি নয়। আর সে কারণেই আইসিসিকে ক্ষতি পুষিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
 
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিম বাসে সন্ত্রাসী হামলা চালানো হয়। তখন থেকেই পাকিস্তানের মাটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হয়নি। মাঝে জিম্বাবুয়ে ক্রিকেট দল এবং বাংলাদেশের নারী ক্রিকেট দল পাকিস্তান সফরে যায়। তবে, আর কোনো আন্তর্জাতিক ম্যাচ সেখানে হয়নি।
 
আন্তর্জাতিক ম্যাচ বন্ধ হয়ে যাওয়ায় প্রতি বছর দেশটির ক্রিকেট বোর্ডের লাখ লাখ ডলার ক্ষতি হচ্ছে বলে জানান শাহরিয়ার।
 
শাহরিয়ার বলেন, অর্থ সংকটে দেশটির অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ আয়োজন সম্ভব হচ্ছে না। এতে করে নতুন কোনো ক্রিকেটার উঠে না আসায় ক্রিকেটের উন্নতি বাধা হয়ে দাঁড়াচ্ছে।
 
তিনি বলেন, ‘আমরা আইসিসির কাছে আমাদের ক্ষতিপূরণ বাবদ অর্থ চাই। আর এই অর্থ আমাদের বোর্ডের তহবিলে জমা পড়লে তা দিয়ে পাকিস্তান ক্রিকেটের উন্নতি ও প্রচারে কাজে লাগানো যাবে। আগামী ২৭ জুন এডিনবার্গে আইসিসির সভায় আমরা বিষয়টি তুলে ধরব।’