সায়েদাবাদের বাস ধর্মঘট স্থগিত

আপডেট : ২১ জুন ২০১৬, ১৮:২৪
 
সকাল থেকে দুর্ভোগের পর বিকালে ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। এর ফলে মঙ্গলবার বিকাল থেকে রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।
 
সকাল থেকে বাস বন্ধের কারণে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট অঞ্চলগামী যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছিলেন। গুলিস্তানের একটি কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সঙ্গে বিরোধে এই ধর্মঘট ডেকেছিল বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং ৪৯৪)। সংগঠনটির সভাপতি আব্দুল ওদুদ দুপুরেও বলেছিলেন, ওই কার্যালয়ের দখল তারা না পাওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
 

এরপর বিকালে তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সড়ক পরিবহনমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করেছেন তারা। ওদুদ নয়ন বলেন, ‘আমাদের দাবি ছিল, আমাদের অফিস আমাদেরকে বুঝিয়ে দেয়া এবং ইউনিয়ন হাইজ্যাকের যে চক্রান্ত চলছে তা বন্ধ করা। মাননীয় স্বরাষ্ট্র এবং সড়ক পরিবহনমন্ত্রী উভয়ই আমাদের আশ্বাস দিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের দাবি মেনে নেয়া হবে।’