সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ মঙ্গলবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী হিসেবে যোগদান করেছেন। গত ১১ মে এডভোকেট প্রমোদ মানকিন পরলোক গমন করলে সমাজকল্যাণ মন্ত্রণালয় মন্ত্রীশূন্য হয়ে পড়ে।
রবিবার নুরুজ্জামান আহমেদকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়। এর আগে তিনি ২০১৫ সালের ১৪ জুলাই খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হন। তিনি লালমনিরহাট-২ আসন থেকে ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নুরুজ্জামান এই পবিত্র রমজান মাসেই তাকে সমাজসেবামূলক কর্মকাণ্ডের অন্যতম ধারক ও বাহক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি হিসেবে যুক্ত হওয়ার সুযোগ দান করায় মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি তার বক্তব্যের শুরুতেই কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া সকল মুক্তিযোদ্ধাদের। তিনি কৃতজ্ঞচিত্তে আরো স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যিনি তার মত একজন গ্রামের তৃণমূল পর্যায়ের কর্মীকে তুলে এনে মন্ত্রিত্বের আসনে বসিয়ে তাকে ও তার এলাকাবাসীকে সম্মানিত করেছেন।
প্রতিমন্ত্রী বলেন, 'বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে উন্নয়ন ঘটাতে বদ্ধপরিকর। তৃণমূল পর্যায়ের নেতা হিসেবে তিনি সমাজের আনাচে-কানাচে পড়ে থাকা অবহেলিত মানুষের কাছে বর্তমান সরকার প্রদত্ত সকল সুবিধা পৌঁছে দিতে চান। দেশের পিছিয়ে পড়া মানুষকে উন্নয়নের শিখরে পৌঁছাতে তিনি কর্মকর্তা-কর্মচারীসহ গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান।'
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. চৌধুরী বাবুল হাসান, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক নাসরিন সুরাত আমিন এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
