আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, '১৯৪৯ সালের ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অদ্যাবধি ৫২ এর ভাষা আন্দোলন, স্বাধিকার থেকে স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সকল ইতিবাচক অর্জনের একমাত্র নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ।'
তিনি বলেন, 'বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই এদেশের মানুষের ভাগ্যের উন্নতি হয়েছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে বেড়েছে সুনাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।'
হানিফ মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় পথচলার ৬৭ বছর উপলক্ষে আলোচনা সভা সফল করার লক্ষ্যে বঙ্গবন্ধু এভিনিউস্থ দলীয় কার্যালয়ে এই যৌথ সভার আয়োজন করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ শাহে আলম মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম এমপি, খাদ্য মন্ত্রী এড. কামরুল ইসলাম এমপি।
বক্তব্য রাখেন-ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ সাদেক খান, মহানগর আওয়ামী লীগ নেতা ফয়েজ উদ্দিন মিয়া, শেখ বজলুর রহমান, কামাল চৌধুরী, এ,কে, আজাদ, রফিকুল ইসলাম বাবলা প্রমুখ। সভা পরিচালনা করেন হেদায়েতুল ইসলাম স্বপন।
আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, দেশের চিহ্নিত প্রতিক্রিয়াশীল বিএনপি-জামাতচক্র দেশে বিরাজমান স্থিতিশীলতাকে বিনষ্টকরণের অশুভ প্রক্রিয়ায় লিপ্ত রয়েছে। এদের বিরুদ্ধে মহানগর আওয়ামী লীগের সকল নেতা-কর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
কামরুল ইসলাম বিএনপি-জামাত এর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন কাক্সিক্ষত লক্ষ্যে এগিয়ে চলেছে তখনই এই চিহ্নিত অপশক্তি বাংলাদেশকে সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে।
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ শাহে আলম মুরাদ আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সভাকেও সার্বিক সাফল্যমণ্ডিত করে তোলার জন্য মহানগরের সকল স্তরের নেতা-কর্মীর প্রতি আহবান জানান। খবর- বাসস।
