জকোভিচের লক্ষ্য চতুর্থ উইম্বলডন শিরোপা

আপডেট : ২২ জুন ২০১৬, ১৫:৫৫
অবশেষে ফ্রেঞ্চ ওপেন শিরোপা খরা কাটিয়ে ওঠা বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচের সামনে এখন পরবর্তী লক্ষ্য উইম্বলডনের টানা তৃতীয় শিরোপা জয়। আর এর মাধ্যমে ৪৭ বছর পরে প্রথম খেলোয়াড় হিসেবে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যামের গর্বিত মালিক হবার পথেও বেশ খানিকটা এগিয়ে যাবেন এই তারকা সার্বিয়ান।
 
২০১১, ২০১৪ ও ২০১৫ সালে উইম্বলডন বিজয়ী ২৯ বছর বয়সী জকোভিচকে বর্তমানে অপ্রতিরোধ্য স্ল্যাম মেশিন হিসেবেই বিবেচনা করা হচ্ছে। প্যারিসে অ্যান্ডি মারের বিপক্ষে ফ্রেঞ্চ ওপেন জয় তাকে ১২তম স্ল্যাম শিরোপা এনে দিয়েছে। রজার ফেদেরারের রেকর্ড ১৭টির তুলনায় যা মাত্র পাঁচ কম। 
 
কব্জির ইনজুরির কারণে এবার আর উইম্বলডন খেলতে পারছেন না স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। অন্যদিকে গত চার বছর ধরে সাতবারের অল ইংল্যান্ড ক্লাব বিজয়ী ফেদেরার কোন গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। ২০১৩ সালের উইম্বলডন বিজয়ী বিশ্বের দুই নম্বর খেলোয়াড় মারেই এবার জকোভিচের একমাত্র কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারেন। যদিও জকোভিচের সাথে তার ক্যারিয়ার রেকর্ড হচ্ছে ২৪-১০। সর্বশেষ ১৫টি ম্যাচে জকোভিচ জিতেছেন ১৩টিতে। তিন বছর আগে উইম্বলডনের ফাইনালে পরাজয়ের পর থেকে এ পর্যন্ত মারের কাছে কোন স্ল্যামে পরাজিত হননি। 
 
১৯৬৯ সালে রড লেভারের পরে প্রথম খেলোয়াড় হিসেবে এক ক্যালেন্ডার বছরে সবগুলো স্ল্যাম জয়ের লক্ষ্য এখন জকোভিচের সামনে। টেনিসের ইতিহাসে এই কৃতিত্ব এর আগে মাত্র তিনবার অর্জিত হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া উইম্বলডনের আগে জকোভিচ নিজের লক্ষ্য সম্পর্কে বলেছেন, আমি কোন কিছুর জন্য আগ্রাসী হতে চাইনা। কিন্তু আমি মনে করি জীবনে সবকিছুই অর্জন করা সম্ভব।
 
এই মুহূর্তে লন্ডনে অনুশীলনের ফাঁকে পরিবারের সাথে সময়টা বেশ ভালই উপভোগ করছেন জকো। আর এসব করতে গিয়ে রেকর্ডে নিয়ে কোন কিছুই চিন্তা করছেন না। ২০০৯ সালে ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নেবার পরে জকোভিচ এ পর্যন্ত প্রায় সবগুলো গ্র্যান্ড স্ল্যামের অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছেন। নিউ নেশন।