বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও বিমানবন্দর উন্নয়ন অঙ্গাঙ্গীভাবে সম্পৃক্ত। মানুষের চাহিদা পূরণ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে রপ্তানি ও আমদানির বিকল্প নেই। এর বিশাল একটি অংশ বিন্দরবন্দর দিয়ে সম্পন্ন হয়।’
তিনি বলেন, সময়ের প্রয়োজনে আমাদের রপ্তানি ও আমাদানির পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদানি-রপ্তানি পণ্যসমূহের যথাযথ বিন্যাস এবং সঠিক সময়ে শিপমেন্ট ও ডেলিভারি প্রদানে অবকাঠামোগত সহযোগিতা প্রদানে সংশ্লিষ্ট ট্রেডবহিসমূহকেও এগিয়ে আসতে হবে। বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিজিএমইএ’র সহযোগিতায় নির্মিত কার্গো-শেড এর উদ্বোধনকালে পর্যটনমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, আমদানি-রপ্তানি পণ্যের সংকট নিরসনে নতুন কার্গোশেড নির্মাণ বড় ভূমিকা রাখবে।পরে মন্ত্রী ফিতা কেটে নতুন কার্গো শেডের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক, সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, অতিরিক্ত সচিব আবুল হাসনাত জিয়াউল হক, বিমানের এমডি মোসাদ্দিক আহমেদ, সিভিল অ্যাভিয়েশনের মেম্বর অপারেশন মোস্তাফিজুর রহমান, বিমানবন্দরের পরিচালক জাকির হোসেন প্রমুখ।
